টাঙ্গাইলে পেট্রল ঢেলে বাসে আগুন, নেভাল শ্রমিক
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
টাঙ্গাইলে পেট্রল ঢেলে বাসে আগুন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলে নতুন বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। তবে অন্য একটি বাসের সহকারীর তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবহণ শ্রমিকরা জানান, বুধবার সকালে নতুন বাস টার্মিনালের ভেতরে ‘নিরালা সুপার’ পরিবহণের একটি বাস পার্কিং করা ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা একটি বোতলে থাকা পেট্রল ঢেলে বাসটির চাকায় আগুন ধরিয়ে দেয়। এ সময় পাশের অন্য একটি বাসের সহকারী চাকায় আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন এবং টার্মিনালে থাকা মালিক ও শ্রমিকদের খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাসের চাকার নিচ থেকে একটি পেট্রলের বোতল উদ্ধার করে।
জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান বলেন, ‘নাশকতার অংশ হিসেবে ফ্যাসিস্টরা বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নাশকতা ঠেকাতে আমরা নিজস্ব লোকজন দিয়ে প্রতি রাতেই পাহারার ব্যবস্থা করেছি।’
