৪১টি ‘স্বর্ণের বার’, পরীক্ষায় মিলল লোহা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: সংগৃহীত।
|
ফলো করুন |
|
|---|---|
লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছিল স্বর্ণের বারের মতো দেখতে বস্তু। পরে সেগুলো আসল স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিভিন্ন স্থানে। তবে পুলিশের চেকপোস্টে ধরা পড়ার পর ৪১টি বার পরীক্ষা করতেই বেরিয়ে আসে ভেতরে স্বর্ণ নয়, রয়েছে লোহা। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়-সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে ওই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির (৩৪) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাহিদ হোসেন (২৮)।
বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হয়। ওই অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন। এ সময় একজন পালিয়ে যান। পরে দুজনের দেহ তল্লাশি করে মনিরুজ্জামানের কাঁধে থাকা একটি স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও স্কসটেপে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।
এগুলো উদ্ধারের পর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, ওপরের সোনালি প্রলেপের নিচে লোহার বার রয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো বস্তু তৈরি করতেন। পরে সেগুলো প্রকৃত স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন।
জাহিদ হোসেন জানান, মনিরুজ্জামান তাকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন প্রায় ৪ কেজি। এ ছাড়া তাদের কাছ থেকে ২টি মুঠোফোন, ১টি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ এবং ৩ হাজার ১৭৪ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, গ্রেফতার দুজনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


