|
ফলো করুন |
|
|---|---|
ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) বুধবার (২৫ নভেম্বর) লেনদেনের শুরুতে স্বর্ণ ও রুপার দাম কমেছে। ডিসেম্বর মেয়াদে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ১ লাখ ২১ হাজার ৯০০ রুপিতে নেমেছে। সেই হিসাবে ভারতে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় বিক্রি হচ্ছে।
একইভাবে, ডিসেম্বর মেয়াদে প্রতি কেজি রুপার দাম ৪৩৫ রুপি বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ১ লাখ ৪৫ হাজার ৩ টাকা হয়েছে। আগের দিন এ দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৪৩৮ রুপি।
আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম নিম্নমুখী রয়েছে। হোয়াইট হাউসের সর্বশেষ শুল্ক পরিকল্পনায় শেয়ারবাজারে দরপতন এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় মূল্যবান ধাতুটির দামে চাপ তৈরি হয়েছে।
মঙ্গলবার স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমে যাওয়ার পর বুধবার প্রতি আউন্স প্রায় ৩ হাজার ৫৪৫ ডলারে লেনদেন হয়েছে। এর ফলে আগের দিনের বেশির ভাগ মূল্যবৃদ্ধি মুছে গেছে।
চীন, ইউরোপীয় ইউনিয়নসহ এক ডজনের বেশি অর্থনীতির দেশ থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন খবর প্রকাশের পর প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বিক্রির চাপ তৈরি হয়। এর প্রভাব অন্যান্য বাজারেও ছড়িয়ে পড়ে। লোকসান সামাল দিতে কিছু বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করেছেন।
সিঙ্গাপুর সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৫৪৪ ডলার ১৯ সেন্টে নেমে আসে। একই সময়ে রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৮০ সেন্ট হয়েছে। এর আগের দিন রুপার দাম ৫ শতাংশের বেশি কমেছিল।
সূত্র: এনডিটিভি
