স্বর্ণের বার বলে লোহা বিক্রির অভিযোগে গ্রেফতাররা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে স্বর্ণের বার হিসেবে বিক্রির উদ্দেশে বহন করা ৪১টি নকল বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা বারগুলোর ওপর সোনালি রঙের প্রলেপ থাকলেও স্থানীয় স্বর্ণকারের পরীক্ষায় সেগুলোর ভেতরে লোহা পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশের একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে।
কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনাকালে গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামানো হয়। অটোরিকশাটিতে থাকা তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি দুজনকে আটক করে পুলিশ।
পরে আটকদের তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে রাখা ছিল ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু।
পুলিশ জানায়, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। এ সময় সোনালি প্রলেপ তুলে ফেললে সেগুলোর ভেতরে লোহার বার পাওয়া যায়।
গ্রেফতাররা হলেন, মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে সেগুলোকে সোনার বারের মতো তৈরি করতেন। পরে প্রকৃত সোনা হিসেবে বিক্রির উদ্দেশে এসব বার বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ হোসেনের দাবি, মনিরুজ্জামান তাকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
পুলিশের জব্দ করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুজন এবং পলাতক অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

-6b07d02fdaed1.jpg)