কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় দিলেন যুব মহিলা লীগ নেত্রী
যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চোখের জলে বুক ভাসিয়ে কারাফটকে নিয়ে আসা হলো সন্তানের লাশ। প্যারোলে মুক্তি না মিললেও কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় শেষবারের মতো সন্তানকে দেখার সুযোগ পেলেন বন্দি মা।
কারাগারের ফটকে মায়ের সামনে রাখা হয় ১৫ বছর বয়সি ছেলের লাশ। মা-সন্তানের শেষ সাক্ষাতের এমন হৃদয়বিদারক দৃশ্যে উপস্থিত স্বজন ও কারা সদস্যদের অনেকের চোখেও জল এসে যায়।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে নিয়ে আসা হয় নিসর্গ হোসেন তুর্যের (১৫) লাশ। সেখানে বন্দি মা কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী শেষবারের মতো ছেলেকে দেখার সুযোগ পান।
পরিবার ও কারাগার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শারমিন সুলতানা শর্মীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে আকস্মিক মৃত্যু হয় তার বড় ছেলে নিসর্গ হোসেন তুর্যের।
পরিবার সূত্রে জানা যায়, তুর্য শারীরিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সে শৌচাগারে যায়। দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় শৌচাগারের ভেতরে তুর্যকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তার মৃত্যু নিশ্চিত হয়। এরপর ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে আসা হয় কাশিমপুর মহিলা কারাগারের ফটকে।
সন্তানের মৃত্যুর খবর শুনে কারাগারের ভেতরে ভেঙে পড়েন শর্মী। পরিবারের পক্ষ থেকে মায়ের সঙ্গে শেষবারের মতো ছেলের দেখা করানোর আবেদন করা হলে মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা মেনে কারাফটকে তাকে সন্তানের লাশ দেখার সুযোগ দেওয়া হয়। দেখা শেষে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বন্দি মাকে আবার কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।
তুর্যের খালা শাম্মী বলেন, প্যারোলে মুক্তির আবেদন করেও আমার বোনের মুক্তি মেলেনি। কর্তৃপক্ষ বলেছে, এতে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আমার বোনের ছেলেটি জন্মের পর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিল। সে নিজে কোনো কাজ করতে পারত না। তার ১০টি অস্ত্রোপচার হয়েছে। এমনকি নিজ হাতে খাবার তুলে খেতেও পারত না।
তিনি আরও বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। এ কারণেই আজ আমাদের এই অবস্থা। আমার বোন ২০২২ সালে রাজনীতি ছেড়েছে। সে এখন কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার আরও একটি সন্তান রয়েছে, তার অবস্থাও ভালো নয়। রেষারেষির কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগ করলেই কি একজন মানুষ এই রাষ্ট্রের কাছে সন্ত্রাসী হয়ে যায়?
কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল বলেন, মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে ওই বন্দিকে তার মৃত সন্তানের সঙ্গে শেষবারের মতো দেখা করানোর ব্যবস্থা করা হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, প্যারোলে মুক্তির আবেদন জেলা প্রশাসকের কাছে করতে হয়। সেখান থেকে আবেদনটি আমাদের কাছে পৌঁছালে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে কি না, তা আমার জানা নেই। এ সংক্রান্ত কোনো কাগজপত্র আমরা এখনো পাইনি।
