এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম
এনজিওর ঋণ পরিশোধে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
|
ফলো করুন |
|
|---|---|
এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন ইন্তাজ আলী ইন্তা (২৫)। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে হত্যা করা হয় অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০)।
গাজীপুরের শ্রীপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ এবং নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার পাঁচজনের মধ্যে তিনজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে রোববার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে জানিয়েছে পিবিআই।
সংবাদ সম্মেলনে পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, গ্রেফতার ইন্তাজ আলী জানিয়েছেন, তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা পরিশোধের জন্য অটোরিকশা ছিনতাইয়ের পথ বেছে নেন। এ উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী অন্যদের সঙ্গে নিয়ে জাহিদকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভাটিচন্নপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর থানার ভামনগাঁও গ্রামের মোহাম্মদ আজাহারের ছেলে মো. হাবিবুল্লাহ (২৭), একই থানার কাজীপাড়া খাদ্যগুদামের পাশের শাহাবুদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), কাপাসিয়া থানার নলীপলাশ গ্রামের সফর উদ্দিন ফকিরের ছেলে মো. জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জ থানার বড়াইয়া পূর্বপাড়া এলাকার আমানুল্লাহ শেখের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)।
পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শ্রীপুরের বাসিন্দা জাহিদ রহমান। রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ২৬ নভেম্বর বেলা ১১টার দিকে শ্রীপুর থানাধীন সাভারচালা পশ্চিমপাড়া এলাকার গজারি বনের জঙ্গলে তার লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। পরে ঘটনাস্থলে গিয়ে তারা জাহিদের লাশ শনাক্ত করেন। তার হাত-পা ও গলায় রশি বাঁধা ছিল। এ সময় তার ব্যবহৃত অটোরিকশাটিও পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান শ্রীপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। পরে পিবিআই গাজীপুর জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে।
তদন্তে পিবিআই জানতে পারে, নিহত জাহিদ ও গ্রেফতার ইন্তাজ আলী পূর্বপরিচিত ছিলেন। অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা থেকে ইন্তাজসহ অন্যরা তাকে লক্ষ্যবস্তু করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে ইন্তাজ অটোরিকশাচালক জাহিদকে ডাকবাংলোর মোড়ে আসতে বলেন। পরে ইন্তাজ ও হাবিব জাহিদের অটোরিকশায় ওঠেন এবং তাকে নিয়ে গজারি বনের ভেতরে যান। সেখানে রশি দিয়ে তার হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। পরে অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে আলমের সঙ্গে যোগাযোগ করেন তারা। আলম, জাহাঙ্গীর ও খলিল অটোরিকশাটি সরিয়ে নেওয়া এবং বিক্রির প্রক্রিয়ায় সহযোগিতা করেন। এ কাজে যুক্ত ব্যক্তিদের মধ্যে অর্থ ভাগাভাগির বিষয়টিও তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে এবং পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তারের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ফিরোজসহ একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ২৭ নভেম্বর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ এবং নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ইন্তাজ আলী, হাবিবুল্লাহ ও জাহাঙ্গীর ফকির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, গ্রেফতার ইন্তাজ আলী জানিয়েছেন, এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে তিনি খুনের পথ বেছে নিয়েছেন। একটি হত্যাকাণ্ডের পেছনে শুধু অপরাধীর ব্যক্তিগত সিদ্ধান্তই নয়, এর সঙ্গে সমাজের নানা অসংগতি ও বাস্তবতাও জড়িয়ে থাকতে পারে। তবে কোনো আর্থিক সংকট বা সামাজিক বাস্তবতাই হত্যাকাণ্ডের অজুহাত হতে পারে না। একজন নিরীহ তরুণ অটোরিকশাচালককে হত্যা করে তার জীবিকা কেড়ে নেওয়া অত্যন্ত মর্মান্তিক। পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেফতার এবং গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
পিবিআই জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
