এক রাতে তিন স্থানে নাশকতা, রায়পুরায় জনমনে আতঙ্ক
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ এবং একই ইউনিয়নের জঙ্গী শিবপুর বাজারে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এছাড়া আদিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টা থেকে ৩টার মধ্যে উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর আগে একই ইউনিয়নের জঙ্গী শিবপুর বাজারে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে আদিয়াবাদ ইউনিয়ন ভূমি অফিসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
এদিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতের আঁধারে মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তর বাখরনগর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদীন জানান, রাত ২টার পর এ ঘটনা ঘটে। এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা গ্রেফতার করা যায়নি।
