‘মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন’
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতি সভা
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের দলীয় পদধারী নেতাকর্মীদের পেলে আটক করে পুলিশে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তবে তাদের মারধর না করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) আগামী ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিরোধী দলে থাকাকালীন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছিল। এখন আমরা দায়িত্ব গ্রহণের মাত্র ১০ মাসের মাথায় আছি। এ অবস্থায় কেউ যদি আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, বিএনপির নেতাকর্মীরা বেঁচে থাকতে তা কখনই সম্ভব নয়।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টের দোসররা সারা দেশে যে নৈরাজ্য করছে, তা হতে দেওয়া যাবে না। কোনো নামধারী বা কমিটিতে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের লোকদের পেলে ধরে আমাদের ফোন দেবেন; আমরা পুলিশ পাঠাব। তবে মারধর করবেন না, ধরে আটকে রেখে পুলিশে সোপর্দ করবেন। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে; নিষিদ্ধ কোনো দল দেশে অরাজকতা সৃষ্টি করবে, তা বরদাশত করা হবে না।
ঢাকার সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, ১ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে সবাইকে এখন থেকেই সংগঠিত হতে হবে। প্রতিটি ওয়ার্ড থেকে অন্তত ৫০০ করে নেতাকর্মী আনার ব্যবস্থা করতে হবে। কে কোন ওয়ার্ড থেকে কতজন লোক নিয়ে আসছেন, তা হিসাব করা হবে।
অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে সাখাওয়াত হোসেন খান বলেন, মহিলা দল, ওলামা দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, যুবদল ও জাসাসসহ সব অঙ্গসংগঠনের সর্বোচ্চ অংশগ্রহণ থাকতে হবে এবং আলাদা বাসের ব্যবস্থা করা হবে। অল্প কয়েকজন নিয়ে এলে চলবে না। এ সময়ে আপনাদের যোগ্যতা প্রমাণ করতে হবে; কাজ না করলে আপনাদের স্থান অন্যরা দখল করে নেবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, মহানগর শ্রমিক দলের সদস্যসচিব ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলী ও বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অঙ্গসংগঠনের নেতারা।
