নারায়ণগঞ্জে আধিপত্য নিয়ে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার চাঁদাবাজি ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার বক্তাবলী পশ্চিম তীর এলাকায় প্রায় অর্ধশত ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটার মাটি ও শ্রমিক সরবরাহ, মাটি কাটার কমিশন বাণিজ্য এবং নদীতে চলাচলকারী মাটিবাহী বল্কহেডে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামেদ আলীর সঙ্গে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের লোকজন টেঁটা, জুইতা, বল্লম, রামদা ও ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে দুইপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা ও বিপুলসংখ্যক দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার ও পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
