গভীর রাতে গ্যারেজে ঢুকে আগুন, বাস পুড়ে ছাই
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম
রাজশাহী নগরীর শাহ মখদুম থানা এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে গ্যারেজে থাকা একটি বাস পুড়ে ছাই
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী নগরীর শাহ মখদুম থানা এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে গ্যারেজে থাকা একটি বাস পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দরগা খানকা শরীফের মোড়ের রাজ্জাকের গ্যারেজে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এদিকে এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম আতিফ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাসটিতে আগুন দিয়েছে।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ধারণা করা হচ্ছে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না। এমনকি ঘটনাস্থল থেকে কোনো আলামতও উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ওসি বলেন, বাসের মালিকের সঙ্গে যোগাযোগ করে তাকে থানায় ডাকা হয়েছে। তিনি এলে থানায় মামলা করা হবে।
