জয়পুরহাটে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী একটি পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের দুটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জয়পুরহাট-২০ এর সদস্যরা। উদ্ধারকৃত প্রাচীন মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৪২ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের একটি পুকুরে হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান চালান।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি টহল দল ওই এলাকার একটি পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে। এর একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি।
বিজিবির ধারণা, ভারতে পাচারের উদ্দেশে মূর্তি দুটি পুকুরের তলদেশে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত এ মূর্তি দুটি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

