ছাগল পালন করে স্বর্ণপদক পেলেন বিউটি বেগম
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
ছাগল পালন করে স্বর্ণপদক পেলেন বিউটি বেগম
|
ফলো করুন |
|
|---|---|
ছাগল পালন ও প্রজনন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’-এ স্বর্ণপদক অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক নারী উদ্যোক্তা বিউটি বেগম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এ স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেন।
বিউটি বেগম ক্ষেতলাল উপজেলার বজরবরাহী গ্রামের তোতা মিয়ার স্ত্রী।
জানা গেছে, স্বামী তোতা মিয়াকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে তোতাপুরী ও রাম জাতের দুটি ছাগলের পাঁঠা দিয়ে প্রজনন কার্যক্রম শুরু করেন তারা। পরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’র আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় উন্নত জাতের ছাগল যুক্ত করে বাণিজ্যিকভাবে খামার ও প্রজনন কেন্দ্র গড়ে তোলেন। ধীরে ধীরে তাদের এ উদ্যোগ সফলতা পায়।
বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নজরে এলে সফল উদ্যোক্তা হিসেবে তাদের জাতীয় পর্যায়ে মনোনীত করে পাঠানো হয়। পরে সারা দেশের উদ্যোক্তাদের মধ্য থেকে বিউটি বেগম স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় বিউটি বেগম মোবাইল ফোনে বলেন, ‘এ পদক আমাকে আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করবে। পুরস্কারের সঙ্গে পাওয়া নগদ অর্থ আমার ছাগলের পাঁঠার খামারের উন্নয়নে কাজে লাগাব।’
ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া বলেন, ‘সারা দেশে আটটি ক্যাটাগরিতে ২৩ জন সফল উদ্যোক্তাকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। তাদের মধ্যে ক্ষেতলালের বিউটি বেগম কাজের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক অর্জন করেছেন।’
