গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
কাহালু থানা
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংক ও সড়কে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৫৮), সহ-সভাপতি আনোয়ার হোসেন ও কামাল উদ্দিন কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী ও হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রতন এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা মহিলা লীগের সভাপতি আছমা বেগমসহ ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিলের কর্মসূচি বাস্তবায়নের জন্য সমবেত হন। এ সময় কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে মালঞ্চা থেকে রানীরহাটগামী পাকা সড়কে হামলা ও নাশকতা চালানো হয়।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা চারটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। বোমাগুলো বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে ওঠে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
