ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে প্রাণ গেল বড় ভাইয়ের
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৯) নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালিবাগ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছোট ভাই নবীনুরকে আটক করেছে পুলিশ।
নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত নবীনুর কোতোয়ালীবাগ গ্রামের মৃত জামতুল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমির আইল কাটা কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই নবীনুর ধারালো হাঁসুয়া দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা আটক নবীনুরকে পুলিশের হাতে তুলে দেয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কোদাল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়।
নিহত দেলোয়ার হোসেনের লাশ পাঁচবিবি থানায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর তিনি নিজেই ঘটনাস্থলে যান। সেখান থেকে নিহতের লাশ উদ্ধার ও অভিযুক্ত নবীনুরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
