নাশকতার চেষ্টার অভিযোগে ছাত্রলীগ কর্মী আটক
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাঘায় নাশকতার প্রস্তুতির অভিযোগে আশিক আহমেদ (২৫) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বাউসা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে আশিককে আটক করা হয়। বাঘা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আশিকের পরিবারের দাবি- অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে বাজারে গেলে তাকে আটক ও মারধর করে পুলিশে দেওয়া হয়েছে।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আশিক বাউসা এলাকায় পূর্বের একটি সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি ছিলেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে। আশিকের কাছে থেকে ২৫০ মিলি লিটারের একটি পেট্রলের বোতল পাওয়া গেছে।
