রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
রংপুর ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর নগরীর প্রেস ক্লাব বিপণিবিতান মার্কেটের সামনে থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) বোমা নিষ্ক্রিয়কারী দল।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর ধর্মসভা মন্দিরের বিপরীতে প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে এটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত মোটরসাইকেলে আসা দুজন আরোহী বস্তুটি প্রেস ক্লাবের সামনের বারান্দায় ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রেস ক্লাবের বারান্দায় অবস্থানরত পত্রিকা এজেন্ট জাকির হোসেন জানান, সকাল ৭টার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে দুজন দুর্বৃত্ত প্রেস ক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে ককটেলসদৃশ বস্তুটি ছুড়ে মারে। এরপর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এবং এসআরবি-১৩ এর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। এ সময় সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
দুর্ঘটনা এড়াতে ককটেলসদৃশ বস্তুটি পানিভর্তি বালতিতে রাখা হয়। এটি ককটেল বা হাতবোমা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা বলছেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা প্রেস ক্লাব এলাকায় এটি ছুড়ে মেরেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, একটি মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি এখানে ককটেলসদৃশ বস্তুটি ছুড়ে দিয়ে চলে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বস্তুটি নিরাপত্তার আওতায় নিয়ে আসি। এসআরবির একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে আসে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুটির ভেতরে আসলে কী রয়েছে, তা জানার জন্য নিয়ে গেছে। যদি এটি ককটেল বা বোমা হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এখনো মোটরসাইকেলে আসা ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। আমাদের তদন্ত শুরু হয়েছে।
এ ধরনের ঘটনা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সনাতন চক্রবর্তী বলেন, আমার কাছে মনে হচ্ছে, এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে। এখানে একটি মন্দিরও রয়েছে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী এই মন্দিরে এসেছিলেন। এছাড়া এলাকাটি রংপুর মহানগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। সুতরাং এখানে এ ধরনের ঘটনা ঘটানো অবশ্যই আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে। এর পেছনে যারা রয়েছে, তারা যে-ই হোক না কেন, আমরা অবশ্যই তাদের খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসব।
এদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার করা ককটেলসদৃশ বস্তুটি সম্পর্কে এসআরবি-১৩ রংপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
