|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজিব খান রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে জড়িত থেকে দলের নাম ব্যবহার করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দিয়ে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশীদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
এ বিষয়ে জানতে চেষ্টা করেও রাজিব খান রানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, রাজিব খান রানার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে।
