Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

ফ্যাটি লিভারের ৫ রূপ, বাড়তে পারে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

ফ্যাটি লিভারের ৫ রূপ, বাড়তে পারে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বজুড়ে প্রায় ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। এত দিন রোগটিকে একই ধরনের সমস্যা হিসেবে বিবেচনা করা হলেও নতুন এক গবেষণায় দেখা গেছে, এর রয়েছে পাঁচটি স্বতন্ত্র জৈবিক ধরন। প্রতিটি ধরনের সঙ্গে লিভার বিকল হওয়া, ক্যানসার, হৃদরোগসহ গুরুতর জটিলতার ঝুঁকির ভিন্নতা রয়েছে।

যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের গবেষকেরা এ পাঁচ ধরনের ফ্যাটি লিভার শনাক্ত করেছেন। গবেষণায় ভার্জিনিয়া টেকের গবেষকেরাও যুক্ত ছিলেন। তাদের এই গবেষণা নেচার কমিউনিকেশন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, মেটাবলিক ডিসফাংশন-অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এমএএসএলডি) নামে পরিচিত এ রোগের পেছনে একাধিক জৈবিক প্রক্রিয়া কাজ করে। কিছু ধরন স্থূলতা ও ডায়াবেটিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অন্য কিছু ধরন বংশগত জিনগত পার্থক্যের কারণে দেখা দিতে পারে।

গবেষকদের মতে, জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত কিছু ধরনে লিভারের গুরুতর ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি। এমনকি প্রচলিত বিপাকীয় ঝুঁকির কারণ না থাকলেও এসব রোগীর অবস্থা জটিল হতে পারে।

গবেষণাটিতে ৪ হাজার ৬০০ জনের বেশি এমএএসএলডি রোগীর জিনগত তথ্য ও বিস্তারিত চিকিৎসা-সংক্রান্ত নথি বিশ্লেষণ করা হয়। এতে লিভারের এনজাইমের মাত্রা, বডি মাস ইনডেক্স (বিএমআই), রক্তের চর্বির মাত্রা এবং ডায়াবেটিস, বিষণ্নতা ও স্লিপ অ্যাপনিয়ার মতো অন্যান্য স্বাস্থ্যসমস্যার তথ্যও বিবেচনায় নেওয়া হয়।

কম্পিউটারভিত্তিক উন্নত মডেল ব্যবহার করে গবেষকেরা একই ধরনের জিনগত বৈশিষ্ট্য ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য থাকা রোগীদের মধ্যে মিল খুঁজে বের করেন। এ বিশ্লেষণে পাঁচটি স্বতন্ত্র গোষ্ঠী শনাক্ত হয়, যাদের প্রত্যেকের রোগের পেছনে রয়েছে আলাদা জৈবিক বৈশিষ্ট্য।

গবেষকদের ধারণা, এ আবিষ্কার ভবিষ্যতে ফ্যাটি লিভার রোগ শনাক্ত ও চিকিৎসার পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে। রোগীর জিনগত ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে রোগের ধরন এবং কোন জটিলতার ঝুঁকি বেশি, তা আগেই চিহ্নিত করা সম্ভব হতে পারে। এতে ঝুঁকিপূর্ণ রোগীদের দ্রুত শনাক্ত করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়ার সুযোগ তৈরি হবে।


কেন বিপজ্জনক ফ্যাটি লিভার

লিভারে অতিরিক্ত চর্বি জমে এমএএসএলডি রোগের সৃষ্টি হয়। আগে এ রোগটি নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত ছিল। আক্রান্ত অনেকের শরীরে দৃশ্যমান কোনো উপসর্গ থাকে না। ফলে বছরের পর বছর রোগটি অশনাক্ত থেকে যেতে পারে।

সব ক্ষেত্রে গুরুতর জটিলতা তৈরি না হলেও কোনো কোনো রোগীর লিভারে প্রদাহ ও ক্ষত সৃষ্টি হতে পারে। সময়ের সঙ্গে এ ক্ষতি বাড়লে সিরোসিস হতে পারে। এ অবস্থায় লিভারে ব্যাপক ক্ষত তৈরি হওয়ায় অঙ্গটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

বিশ্বজুড়ে লিভার সিরোসিস, লিভার ক্যানসার এবং লিভার প্রতিস্থাপনের অন্যতম কারণ ফ্যাটি লিভার রোগ। একই রোগে আক্রান্ত হয়েও কেন কারও গুরুতর জটিলতা দেখা দেয়, আর কারও ক্ষেত্রে তা হয় না, তা বোঝা দীর্ঘদিন ধরেই গবেষকদের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

জিনগত তথ্য বিশ্লেষণে নতুন সম্ভাবনা

গবেষকেরা মায়ো ক্লিনিকের রিসার্চ ডেটা অ্যাটলাস ব্যবহার করে রোগীদের জিনগত তথ্যের সঙ্গে তাদের চিকিৎসা-সংক্রান্ত নথি মিলিয়ে দেখেছেন। এ পদ্ধতিতে বিপুলসংখ্যক মানুষের তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে এমন সম্পর্ক শনাক্ত করা যায়, যা অল্পসংখ্যক রোগীর তথ্য পর্যালোচনা করে বোঝা কঠিন।

এ গবেষণায় মায়ো ক্লিনিকের ট্যাপেস্ট্রি স্টাডির তথ্যও কাজে এসেছে। এ প্রকল্পের আওতায় এক লাখের বেশি অংশগ্রহণকারীর এক্সোম-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এক্সোম হলো ডিএনএর সেই অংশ, যাতে শরীরের নানা কাজের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরির নির্দেশনা থাকে। এ তথ্য বিশ্লেষণ করে রোগের সূচনা ও অগ্রগতিতে প্রভাব ফেলা বংশগত পার্থক্য সম্পর্কে ধারণা পাওয়া যায়।

গবেষকদের মতে, জিনগত তথ্য ও চিকিৎসার ইতিহাস একসঙ্গে বিশ্লেষণ করার ফলে জটিল রোগের বিভিন্ন ধরন আরও নির্ভুলভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে।

বিষণ্নতা, মাইগ্রেন ও স্লিপ অ্যাপনিয়ার সম্পর্ক

গবেষণায় ফ্যাটি লিভারের নির্দিষ্ট কিছু ধরনের সঙ্গে বিষণ্নতা, স্লিপ অ্যাপনিয়া ও মাইগ্রেনের সম্পর্কও পাওয়া গেছে। গবেষকদের দাবি, এ রোগের বিভিন্ন ধরনের সঙ্গে শরীরের লিভারবহির্ভূত অন্যান্য স্বাস্থ্যসমস্যার সম্পর্কের বিষয়টি নতুনভাবে সামনে এসেছে।

তবে এসব সম্পর্ক থেকে ফ্যাটি লিভার সরাসরি ওই রোগগুলোর কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। বরং ফলাফলগুলো ইঙ্গিত দেয়, লিভারের স্বাস্থ্য ও শরীরের অন্যান্য জৈবিক প্রক্রিয়ার মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র থাকতে পারে।

ভবিষ্যতে রোগীভিত্তিক চিকিৎসার সুযোগ

গবেষক দল এখন আরও বড় ও বৈচিত্র্যপূর্ণ রোগীগোষ্ঠীর মধ্যে এ ফলাফল যাচাই করার পরিকল্পনা করছে। পাশাপাশি ফ্যাটি লিভারের বিভিন্ন ধরন প্রচলিত চিকিৎসায় ভিন্নভাবে সাড়া দেয় কি না, তা-ও পরীক্ষা করা হবে। এ ক্ষেত্রে টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় ব্যবহৃত জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্ট শ্রেণির ওষুধের কার্যকারিতাও মূল্যায়ন করা হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে জানবেন আপনার লিভারের সমস্যা কোথায়

যেভাবে জানবেন আপনার লিভারের সমস্যা কোথায়

ডায়াবেটিস লিভারের কতটা ক্ষতি করে, প্রতিরোধের উপায় কী?

ডায়াবেটিস লিভারের কতটা ক্ষতি করে, প্রতিরোধের উপায় কী?

ফ্যাটি লিভার থেকে ক্যানসার, নীরবে বিপদ বাড়ায় শরীরের যে লক্ষণগুলো

ফ্যাটি লিভার থেকে ক্যানসার, নীরবে বিপদ বাড়ায় শরীরের যে লক্ষণগুলো

ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

ফ্যাটি লিভার কমবে এই ৩ সুস্বাদু সালাদে!

রাত জেগে খাওয়া? ডেকে আনছেন লিভারের মারাত্মক বিপদ!

রাত জেগে খাওয়া? ডেকে আনছেন লিভারের মারাত্মক বিপদ!

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, শরীরের যে ৭ লক্ষণে সতর্ক হবেন

ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, শরীরের যে ৭ লক্ষণে সতর্ক হবেন

আরও পড়ুন

আলো দিয়েই কি জাগানো যায় স্মৃতি, নোবেলজয়ী আবিষ্কারে নতুন আশা

আলো দিয়েই কি জাগানো যায় স্মৃতি, নোবেলজয়ী আবিষ্কারে নতুন আশা

হৃদরোগের উপসর্গ লুকিয়ে মা-বাবার জিনে, জেনে নিন ৭ বিষয়

হৃদরোগের উপসর্গ লুকিয়ে মা-বাবার জিনে, জেনে নিন ৭ বিষয়

ফ্যাটি লিভারের ৫ রূপ, বাড়তে পারে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি

ফ্যাটি লিভারের ৫ রূপ, বাড়তে পারে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি

তরুণদের মধ্যে বাড়ছে স্ট্রোক, কোন বয়সিরা সবচেয়ে ঝুঁকিতে?

তরুণদের মধ্যে বাড়ছে স্ট্রোক, কোন বয়সিরা সবচেয়ে ঝুঁকিতে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম