ওজন বৃদ্ধির ভয় নেই, বাড়বে না ডায়াবেটিসও— উৎসবে খান গুলাব জামুন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যতই রক্তে শর্করার মাত্রা বাড়ুক, ওজন যতই ঊর্ধ্বমুখী হোক— উৎসব-পার্বণ কি মিষ্টিমুখ ছাড়া হয়? সবাই যখন জমিয়ে টপাটপ মিষ্টি মুখে দেন, ঠিক তখনই কাউকে না কাউকে স্বাস্থ্যের কথা ভেবে ইচ্ছায় লাগাম টানতে হয়। কিন্তু মিষ্টিও হতে পারে স্বাস্থ্যকর খাবার। শুধু জানতে হবে এমন মিঠাই বানানোর কৌশল। রসে টইটম্বুর গরম গুলাব জামুন, যা মুখে দিলেই মিলিয়ে যায়। এমন মিষ্টিকে স্বাস্থ্যকর করে তুলবেন কীভাবে?
চলুন জেনে নেওয়া যাক এর বানানোর কৌশল—
রসের মিষ্টি খেয়ে যাতে রক্তে শর্করার মাত্রা না বাড়ে, তাই ছানার পাশাপাশি তাতে মেশাতে হবে রাঙাআলু, ওটস ও বাদাম। চিনি নয়, গুলাব জামুন ডুবিয়ে রাখতে হবে মঙ্কফ্রুট সুইটনারে।
ছানা কাটিয়ে পানি ঝরিয়ে নিন। এরপর রাঙাআলু ভাপিয়ে নিন। ঠান্ডা হলে একটি পাত্রে ছানা খুব ভালো করে মাখতে হবে, যাতে এতটুকু দলা না থাকে। একই ভাবে রাঙাআলু ভালো করে মিশিয়ে নিন। দুই উপকরণ যত মোলায়েম হবে, মিষ্টি ততই সুস্বাদু হবে। এর সঙ্গে মেশাতে হবে ওটস গুঁড়ো, কাঠবাদামের পাউডার এবং এলাচ গুঁড়ো।
১০০ গ্রাম ছানা নিলে অর্ধেক রাঙাআলু লাগবে এবং ৬৫ গ্রাম ওটস গুঁড়ো দিতে হবে। সব উপকরণ খুব ভালো করে মেখে গোল আকার করুন। ছাঁকা তেলে ভাজার বদলে সেগুলো এয়ারফ্রায়ারে বা আপ্পে তৈরির প্যানে (লোহার বিশেষ প্যানে) অল্প তেল দিয়ে উলটে-পালটে ভেজে নিন।
ফুটন্ত পানিতে ২-৩টি এলাচ ফেলে দিন। এরপর আঁচ বন্ধ করে মিশিয়ে নিন মঙ্কফ্রুট সুইটনার ও জাফরান। রসে ২-৩ ঘণ্টা করে ভাজা গুলাব জামুন ডুবিয়ে রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে স্বাস্থ্যকর গুলাব জামুন। একের বদলে ২-৩টিও সারা দিনে খেয়ে নিতে পারবেন ডায়াবেটিস রোগীরা।

