স্তনে চাকা হলেই কি ব্রেস্ট ক্যানসার? কখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বছরের পর বছর ধরে আমরা জেনে আসছি স্তন ক্যানসারের মূল লক্ষণ হচ্ছে স্তনে কোনো চাকা বা টিউমার হওয়া। এই সচেতনতার কারণেই প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা সম্ভব হয়েছে এবং বিশ্বজুড়ে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে ক্যানসার বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, স্তন ক্যানসারের আরও অনেক লক্ষণ রয়েছে, যা চাকা ছাড়াই প্রকাশ পায়। তাই ‘চাকা নেই মানে ক্যানসার নেই’—এমন ধারণা মনে পোষণ করা একেবারেই নিরাপদ নয়।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে অবস্থিত বিখ্যাত ক্যানসার চিকিৎসা কেন্দ্র সিটি অব হোপের মেডিকেল অনকোলজিস্ট ডা. সিনথিয়া লিঞ্চের পরামর্শ হচ্ছে- কেবল হাত শরীরের পাশে ঝুলিয়ে রাখলেই সবকিছু দেখা যায় না। হাত কোমরে রেখে বা ওপরে তুলে বিভিন্ন ভঙ্গিতে স্তন পরীক্ষা করা উচিত।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্তনে পাওয়া ৮০ থেকে ৯০ শতাংশ চাকাই ক্যানসারমুক্ত বা বিনাইন। এ কারণে স্তনে কোনো চাকা বা অস্বাভাবিকতা অনুভব করলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না।
স্তনে চাকা হয় কেন
স্তনে নানা কারণেই চাকা দেখা দিতে পারে। ফাইব্রোঅ্যাডিনোমা, এটি এমন এক ধরনের ক্যানসারমুক্ত টিউমার বা অবশিষ্ট অংশ, যা সাধারণত কম বয়সি নারীদের ক্ষেত্রে বেশি দেখা দিয়ে থাকে। আবার তরলভর্তি থলের কারণেও স্তনে চাকা অনুভূত হতে পারে; যাকে বলা হয় ব্রেস্ট সিস্ট। এ ক্ষেত্রে অনেক সময় স্তনে সংবেদনশীলতা বা ব্যথা অনুভূত হয়ে থাকে।
হরমোনজনিত পরিবর্তনের জন্যও স্তনে চাকা হতে পারে। এ বিষয়ে ভারতের বিশাখাপত্তনমের এইচসিজি ক্যানসার হাসপাতালের রেডিয়েশন অনকোলজিস্ট ডা. জয়শ্রী কুনা জানিয়েছেন, মাসিক চক্রের সময় হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় স্তন ফুলে উঠতে পারে। এ সময় চাকা বা সংবেদনশীল অনুভব হতে পারে। তবে এ সমস্যা মাসিক শেষ হওয়ার পর ঠিক হয়ে যায়।
এছাড়া ম্যাস্টাইটিসের মতো কিছু সংক্রমণের কারণেও স্তনে ব্যথাযুক্ত ফোলাভাব, লালচে ভাব ও উষ্ণতা দেখা দিতে পারে। আর এসব সমস্যা সাধারণত স্তন্যদানকারী নারীদের মধ্যে বেশি দেখা দেয়। এসব সমস্যার বেশিরভাগই ক্ষতিকর নয়। এরপরও শুধু হাত দিয়ে স্পর্শ করে চাকাটি ক্যানসারমুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায় না। এ জন্য চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা জানিয়েছেন ডা. জয়শ্রী।
কখন চিকিৎসকের কাছে যাবেন
স্তনে যদি নতুন কোনো চাকা দেখা দেয়, তাহলে তাতে কোনো ব্যথা না থাকলেও চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করা উচিত। পাশাপাশি কিছু লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। যেমন- স্তনের আকার হঠাৎ পরিবর্তন, ত্বকে টোল পড়া, বোঁটা ভেতরের দিকে যাওয়া, বোঁটা দিয়ে অস্বাভাবিক তরল নির্গমন হওয়া এবং বগলে কোনো চাকা বা ফুলে ওঠার মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে।
চাকা ছাড়াই স্তন ক্যানসারের যেসব লক্ষণ দেখা দিতে পারে, তার একটি বিবরণ নিচে দেওয়া হলো-
১. নিপলের পরিবর্তন
নিপলের আশপাশে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সতর্ক হওয়া দরকার। বিশেষ করে নিপল যদি হুট করে ভেতরের দিকে ঢুকে যায় (যাকে নিপল রিট্রাকশন বলা হয়), তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সাধারণ বা স্বাভাবিক নিঃসরণ এক জিনিস, কিন্তু স্তনবৃন্ত বা নিপল থেকে যদি অস্বাভাবিক, রক্তমিশ্রিত বা অনবরত তরল বের হতে থাকে—যেমন পোশাকে রক্তের দাগ লাগে—তবে তা অবহেলা করা একদমই ঠিক নয়।
৩. ত্বক কুঁচকে যাওয়া বা কমলার খোসার মতো হওয়া
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘পো ডিঅরেঞ্জ’। স্তনের ত্বক যদি হঠাৎ কমলার খোসার মতো কুঁচকে যায় বা পুরু হয়ে যায়, তবে তা একটি বড় নেতিবাচক সংকেত। এটি ‘ইনফ্ল্যামেটরি ব্রেস্ট ক্যানসার’ (আইবিসি) নামক এক ধরনের দুর্লভ কিন্তু আক্রমণাত্মক ক্যানসারের লক্ষণ। এই ক্যানসারের ক্ষেত্রে সাধারণত কোনো চাকা থাকে না এবং ম্যামোগ্রামেও এটি ধরা নাও পড়তে পারে। এর সঙ্গে ত্বকে র্যাশ, চুলকানি, স্তন বেশি গরম অনুভূত হওয়া বা এক স্তন অন্যটির চেয়ে বড় বা ভারি লাগার মতো লক্ষণ থাকতে পারে।
৪. নিপলে না সারার মতো ঘা
নিপল লালচে হওয়া, আঁইশ ওঠা, খোসা ওঠা কিংবা নিপল থেকে তরল বা রক্ত পড়ার মতো দীর্ঘস্থায়ী পরিবর্তন ‘প্যাজেটস ডিজিজ অব দ্য ব্রেস্ট’-এর লক্ষণ হতে পারে। এটি স্তন ক্যানসারের আরেকটি দুর্লভ রূপ, যা সাধারণত নিপল থেকে শুরু হয়।
৫. বগলে ফোলা বা অস্বাভাবিক কিছু অনুভব করা
কখনো কখনো স্তনে কোনো পরিবর্তন বা চাকা অনুভূত না হলেও বগলে বা ঘাড়ের নিচের দিকে কিছু ফুলে থাকা বা অস্বাভাবিক কিছু ঠেকতে পারে। এর অর্থ হলো ক্যানসার কোষগুলো লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে স্তন থেকে বগলের লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছে।
৬. চাকা ছাড়াই স্তনে ব্যথা
স্তনে কোনো দৃশ্যমান বা শারীরিক চাকা না থাকলেও ব্যথা হতে পারে, যাকে মাসট্যালজিয়া বলা হয়। মাসিক চক্রের হরমোনজনিত পরিবর্তন, গর্ভাবস্থা বা সাধারণ ইনফেকশনের কারণে এমনটা প্রায়ই হয়।
যদিও কিছু ক্ষেত্রে ক্যানসারের সঙ্গে ব্যথা থাকতে পারে, তবে কেবল ব্যথাই সবসময় ক্যানসারের লক্ষণ নয়। তবে ব্যথা যদি বাম স্তনে হয় এবং তা হার্টের সমস্যার সঙ্গে সম্পর্কিত কিনা, তা নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নিয়মিত নিজের শরীর ও স্তনের গঠন সম্পর্কে সচেতন থাকুন। কোনো ধরনের অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী পরিবর্তন দেখলে ভয় না পেয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন। সচেতনতা ও সময়মতো সঠিক পদক্ষেপই পারে আপনাকে বড় ধরনের বিপদ থেকে নিরাপদ রাখতে।

