টনসিল অপারেশনের পরও গলাব্যথা কেন হয়?
Advertisement
ডা. মো. আব্দুল হাফিজ শাফী
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
টনসিল
|
ফলো করুন |
|
|---|---|
টনসিল অপারেশন হয়ে গেলে আর গলাব্যথা হওয়ার কথা নয়-এমন ধারণা অনেকেরই রয়েছে। কিন্তু বাস্তবে টনসিল অপসারণের পরও বিভিন্ন কারণে গলাব্যথা হতে পারে। বিশেষ করে অপারেশনের কয়েক মাস পরও যদি গলাব্যথা থেকে যায় বা বারবার ফিরে আসে, তাহলে বিষয়টি অবহেলা না করে এর কারণ খুঁজে দেখা প্রয়োজন। সম্ভাব্য কারণগুলো হলো-
▶ ফ্যারিঞ্জাইটিস : ফ্যারিঞ্জাইটিস হলো গলার পেছনের অংশ বা ফ্যারিংক্সের প্রদাহ। এটি সাধারণত ভাইরাসের কারণে হলেও কিছু ক্ষেত্রে স্ট্রেপটোকক্কাসের মতো ব্যাকটেরিয়াও দায়ী হতে পারে। ফ্যারিঞ্জাইটিস হলে গলাব্যথা, খুসখুস, লালচে বা ফুলে যাওয়া গলা, জ্বর, কাশি, গিলতে ব্যথা এবং কখনো গলার স্বর ভেঙে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
▶ অ্যাসিড রিফ্লাক্স : ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ-এর ক্ষেত্রে পাকস্থলীর এসিড ও অন্যান্য উপাদান গলার দিকে উঠে এসে গলার ভেতরে জ্বালা ও প্রদাহ সৃষ্টি করতে পারে। এর ফলে গলাব্যথা, খুসখুস, গলায় কিছু আটকে থাকার অনুভূতি, সকালে গলা বেশি খসখসে লাগা এবং বারবার গলা পরিষ্কার করার প্রবণতা দেখা দিতে পারে।
▶ ধূমপান/ ডাস্ট অ্যালার্জি : ধূমপান, ধোঁয়া বা পরিবেশগত উত্তেজকের দীর্ঘস্থায়ী সংস্পর্শেও গলার ভেতরে প্রদাহ ও অস্বস্তি হতে পারে। ডাস্ট অ্যালার্জি থেকে গলার পিছনে কফ জমে থাকতে পারে। এসব কারণে টনসিল না থাকলেও দীর্ঘদিন গলাব্যথা থাকতে পারে।
▶ ঈগল সিনড্রোম : গলাব্যথার একটি বিরল কারণ হলো ঈগল সিনড্রোম। গলার ভেতরের একটি হাড় (যাকে স্টাইলয়েড প্রসেস বলা হয়) স্বাভাবিকের তুলনায় লম্বা হলে বা আশপাশের লিগামেন্টে অস্বাভাবিক পরিবর্তন (স্টাইলোহাইয়য়েড লিগামেন্টের ক্যালসিফিকেশন) হলে এ সমস্যা হতে পারে। এতে সাধারণত গলার একপাশে দীর্ঘস্থায়ী ব্যথা, গলায় কিছু আটকে থাকার অনুভূতি বা ব্যথা কানের দিকে ছড়িয়ে পড়তে পারে। টনসিল অপারেশনের পরও যদি একই ধরনের একপাশের ব্যথা দীর্ঘদিন থাকে, বিশেষ ক্ষেত্রে এ কারণটিও বিবেচনা করা হয়।
লেখক : সহকারী অধ্যাপক (ইএনটি), নাক-কান-গলা বিভাগ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ।

