বায়ুদূষণে ক্ষতি হতে পারে ফুসফুস, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের
বিবিসি বাংলা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বায়ুদূষণ শুধু পরিবেশের জন্যই ক্ষতিকর নয়, মানবস্বাস্থ্যের ওপরও এর গুরুতর প্রভাব রয়েছে। দূষিত বাতাসে থাকা অতিসূক্ষ্ম পিএম ২.৫ কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে।
এমনকি এসব কণা ও সংশ্লিষ্ট রাসায়নিক উপাদান রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করতে পারে।
ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকার মতে, বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ফুসফুস ও হৃৎপিণ্ড। পাশাপাশি মস্তিষ্কের ওপরও এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
ফুসফুস, হৃৎপিণ্ড ও মস্তিষ্কে বায়ুদূষণের প্রভাব
ফুসফুস: দূষিত বাতাস শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। এতে শ্বাসনালির পেশি সংকুচিত হয়ে ব্রঙ্কোস্পাজম হতে পারে। ফলে শ্বাসকষ্ট ও শ্বাস নেওয়ার সময় শিসের মতো শব্দ বা হুইজিং দেখা দেয়। আগে থেকে হাঁপানি বা সিওপিডিতে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা আরও বেড়ে যেতে পারে।
হৃৎপিণ্ড: বায়ুদূষণের কারণে হৃদস্পন্দন ও রক্তচাপে পরিবর্তন, রক্তনালিতে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে। পাশাপাশি রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়তে পারে। দীর্ঘদিন দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
মস্তিষ্ক: বায়ুদূষণের কারণে রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।
বায়ুদূষণের লক্ষণ
বায়ুদূষণের প্রভাবে সাধারণত যেসব লক্ষণ দেখা দিতে পারে—
চোখে জ্বালাপোড়া
গলাব্যথা ও গলায় অস্বস্তি
দীর্ঘস্থায়ী কাশি
শ্বাসকষ্ট
শ্বাস নেওয়ার সময় শিসের মতো শব্দ
বুকে চাপ অনুভব
মাথাব্যথা
বিশেষজ্ঞের মতে, আগে থেকে হাঁপানি থাকলে হঠাৎ অ্যাজমা অ্যাটাক হতে পারে। সিওপিডিতে আক্রান্ত ব্যক্তিদের কাশি, কফ ও শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।
দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে কী হতে পারে?
দীর্ঘদিন পিএম ২.৫-সহ সূক্ষ্ম বায়ুদূষণকারী কণার সংস্পর্শে থাকলে ফুসফুসের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হতে পারে। এর ফলে—
হাঁপানির প্রদাহ ও উপসর্গ বেড়ে যেতে পারে।
সিওপিডি রোগীদের অবস্থার অবনতি হতে পারে। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনও হতে পারে।
ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।
দীর্ঘস্থায়ী কাশি, কফ, ক্লান্তি ও শ্বাসনালির সংক্রমণ দেখা দিতে পারে।
অল্প সময়ের দূষণেও কি ফুসফুসের স্থায়ী ক্ষতি হয়?
ডা. মালবিকার মতে, অল্প সময়ের জন্য দূষিত বাতাসের সংস্পর্শে এলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ফুসফুসে যে হালকা প্রদাহ বা ফোলাভাব দেখা দেয়, তা সাময়িক। দূষণের সংস্পর্শ থেকে দূরে থাকলে সাধারণত এর প্রভাব কমে আসে।
তবে আগে থেকে ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে গুরুতর ক্ষতির আশঙ্কা বেশি।
ফুসফুসের ক্ষতি কতটা নিরাময় হবে, তা নির্ভর করে দূষণের মাত্রা, কত দিন সংস্পর্শে ছিলেন এবং আগে থেকে কোনো শ্বাসতন্ত্র বা হৃদরোগ রয়েছে কি না—এসব বিষয়ের ওপর। ফুসফুসের টিস্যুতে গুরুতর ক্ষত বা ফাইব্রোসিস তৈরি হলে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
কীভাবে চিকিৎসা করা হয়?
বায়ুদূষণজনিত সমস্যার চিকিৎসা নির্ভর করে রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থার ওপর।
শ্বাসনালি সংকুচিত হলে চিকিৎসকের পরামর্শে ব্রঙ্কোডাইলেটর দেওয়া হতে পারে।
রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে অক্সিজেন থেরাপির প্রয়োজন হতে পারে।
শারীরিক পরিশ্রমে শ্বাসকষ্ট হলে পালমোনারি রিহ্যাবিলিটেশন দেওয়া যেতে পারে।
হৃদ্যন্ত্রের সমস্যা দেখা দিলে সে অনুযায়ী চিকিৎসা করতে হয়।
শুধু বায়ুদূষণের সংস্পর্শে এসেছেন বলে আগাম অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড বা নেবুলাইজেশন নেওয়ার প্রয়োজন নেই। উপসর্গ ও পরীক্ষার ফল অনুযায়ী চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করা উচিত।
কখন হাসপাতালে যাবেন?
দূষিত বাতাসের সংস্পর্শে আসার পর নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে—
তীব্র শ্বাসকষ্ট বা সম্পূর্ণ বাক্য বলতে না পারা
বুকে ব্যথা
মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
শ্বাস নেওয়ার সময় তীব্র শিসের মতো শব্দ
চিকিৎসকের দেওয়া ওষুধেও উপসর্গ না কমা
রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া
বায়ুদূষণের ক্ষতি এড়াতে যতটা সম্ভব দূষিত পরিবেশে অবস্থান কমানো এবং শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
