‘আতঙ্কে বাসায় থাকতে পারছেন না’— অভিযোগ শ্রমিক নেতাদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশি অভিযান ও হয়রানির কারণে পোশাকশ্রমিক ফেডারেশনগুলোর আঞ্চলিক কার্যালয় বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। একইসঙ্গে প্রতি রাতে ডিবি পুলিশের হানার কারণে তৈরি হওয়া ভীতিকর পরিস্থিতিতে শ্রমিক নেতারা নিজ বাসায় থাকতে পারছেন না বলে অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) নেতারা
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক জোটের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। এ সময় সংগঠনের সভাপতি মীর আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক আমিন, সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও রুহুল আমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সালাউদ্দিন স্বপন জানান, চলমান শ্রমিক আন্দোলনে আইবিসিভুক্ত ফেডারেশনের আঞ্চলিক পর্যায়ের ১২ জন নেতা ও বহু সাধারণ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে আন্দোলনে তৃতীয় পক্ষ বা ক্ষমতাচ্যুত সাবেক সরকারের লোকজন ঢুকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। তাহলে কোনো বিশৃঙ্খলায় জড়িত না থাকা সত্ত্বেও নির্দোষ শ্রমিক নেতাদের কেন গণহারে গ্রেফতার করা হচ্ছে এবং কেন তারা এলাকায় থাকতে পারছেন না?
আইবিসি নেতারা অভিযোগ করে বলেন, অনেক মালিক শ্রম আইনের ১৩ (১) ধারায় নোটিশ টাঙিয়ে কারখানা বন্ধ করে দিচ্ছেন। এতে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতির কারণে হাজার হাজার শ্রমিক বেতন-ভাতা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছেন। যেসব কারখানায় শ্রমিকরা কাজ করতে আগ্রহী, সেখানে ১৩ (১) ধারা প্রয়োগ করে বন্ধ রাখা হলেও শ্রমিকদের প্রাপ্য মজুরি পরিশোধের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহবান জানিয়ে আইবিসির পক্ষ থেকে দাবি জানিয়ে বলা হয়, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করা। গ্রেফতারকৃত সব শ্রমিক নেতা ও শ্রমিকের দ্রুত মুক্তি দেওয়া। আঞ্চলিক পর্যায়ের নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি বন্ধ করা। নিহত শ্রমিক তৌফিক শেখ ও মো. সেলিম হত্যার বিচার এবং তাদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।
দাবি আদায়ের পাশাপাশি নিম্নতম মজুরি বোর্ডের চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সাধারণ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান নেতারা।
