প্রতি বছর ভ্যালেন্টাইনে ঘুরতে যান অনন্ত-বর্ষা
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম
অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে দেশের বাইরে বেড়াতে যান অভিনেতা অনন্ত জলিল। আর সেটি ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই। অথচ এ বিষয়টিই এতদিন জানতেন না চিত্রনায়িকা বর্ষা। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি থাই রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই জানিয়েছেন এ নায়িকা।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকার গুলশান ২-এ দেশের প্রথম অথেনটিক থাই রেস্টুরেন্ট ‘সুকুমভিট’-এর যাত্রা শুরু হয়। রেস্টুরেন্টটির মালিক থাই নাগরিক ও হসপিটালিটি উদ্যোক্তা মিসেস নিচাফুট সাকুনতানু। তিনি থাইল্যান্ডে নিজস্ব হোটেল ও রেস্টুরেন্ট ‘বেস্টিয়ার’ পরিচালনা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, সুকুমভিট-এর বিশেষত্ব হল এর সম্পূর্ণ থাই শেফ ও সার্ভিস টিম। এখানে কর্মরত থাই শেফরা এবং সম্পূর্ণ থাই সার্ভিস স্টাফ সরাসরি থাইল্যান্ড থেকে আমদানিকৃত উপকরণ ব্যবহার করে খাবার প্রস্তুত করেন। উদ্বোধন উপলক্ষে সুকুমভিট আয়োজন করেছে থাইল্যান্ড থেকে আগত পেশাদার শিল্পীদের পরিবেশনায় সরাসরি ঐতিহ্যবাহী থাই নৃত্য অনুষ্ঠান। আয়োজনে বিভিন্ন দেশের কুটনীতিকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনন্ত-বর্ষাও।
এ আয়োজন নিয়ে কথা বলার এক পর্যায়ে সাংবাদিকরা অনন্তকে প্রশ্ন করেন, কিছুদিন পরই ভ্যালেন্টাইন ডে। দিবসটি নিয়ে আপনাদের আয়োজন কী? উত্তরে অনন্ত বলেন, ‘ভ্যালেন্টাইন উপলক্ষে প্রতি বছরই আমি ও বর্ষা দেশের বাইরে বেড়াতে যাই। এবারও যাব। এবার যেহেতু জাতীয় নির্বাচন, বর্ষাকে বলেছি ১২ ফেব্রয়ারি ভোট দিয়েই আমরা এয়ারপোর্ট চলে যাব।’
অনন্তর মুখে এমন কথা শুনে বর্ষা বেশ অবাক হয়েছেন। কেন সেটা, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ঠিক, বছরের বিভিন্ন সময়ই আমরা বিদেশে যাই। কিন্তু স্পেসিফিকলি ভালেন্টাইনকেই কেন্দ্র করে যাই, তা আমার মাথায় আসেনি কখনো। অনন্ত আজকে (অনুষ্ঠানের দিন) না বললে আমি কখনো জানতেও পারতাম না, প্রতি বছর ভ্যালেন্টাইনে সে আমাকে এভাবে উপহার দেয়। বিদেশ যাওয়া বিষয়টিকে আমি স্বাভাবিকই ধরে রেখেছিলাম এতদিন। কোনোদিন আমাকে বলেওনি। নিজের মধ্যেই সে রেখে দিয়েছিল বিষয়টি। আর সেটা একা একা উপভোগ করেছে এতদিন!’
এদিকে নতুন সিনেমা প্রসঙ্গেও কথা বলেন এ তারকা দম্পতি। জানিয়েছেন, দেশের পরিস্থিতি ঠিক হলেই সিনেমার কাজ শুরু করবেন। এ মুহূর্তে ব্যবসায় সময় দিচ্ছেন অনন্ত। যেহেতু তিনি গার্মেন্ট ব্যবসার সঙ্গে জড়িত, আর এ শিল্পের অবস্থাও এখন অনেকটা নাজুক, তাই ব্যবসায় মনোযোগ বাড়িয়েছেন তিনি। তার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে ‘নেত্রী : দ্য লিডার’ নামে একটি সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রজেক্টটি শেষ করারও ইচ্ছা আছে তার। এ সিনেমায় বর্ষা নাম ভূমিকা অর্থাৎ নেত্রীর চরিত্রে অভিনয় করছেন। অনন্তকে দেখা যাবে তার বডিগার্ড চরিত্রে।

