Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফজলুর রহমান বাবুর কণ্ঠে— ‘আমায় ভাসাইলিরে’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

ফজলুর রহমান বাবুর কণ্ঠে— ‘আমায় ভাসাইলিরে’

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর ‘মাস্তুল’সিনেমা আগামী ১৭ জুলাই মুক্তি পাচ্ছে। এর মধ্যেই 'মাস্তুল' সিনেমার গান প্রকাশ পেয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা অভিনেতা ফজলুর রহমান বাবু। 

এর আগে প্রথম পোস্টার প্রকাশ করেই দর্শক মহলে কৌতূহল তৈরি করেছিল মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সিনেমা ‘মাস্তুল’। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি এবার নিয়ে এলো তার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলিরে…’। পল্লীকবি জসীম উদদীনের কালজয়ী লেখনীর একটি লাইন যেন নদী, ভাসমান মানুষ আর জীবনের অনিবার্য যাত্রার এক দীর্ঘ স্মৃতিকাতরতা বহন করে চলেছে। সেই চিরচেনা চিরন্তন আবেগকেই এবার নতুন আবহে যুক্ত করা হয়েছে ‘মাস্তুল’ সিনেমায়। আর লাবিক কামাল গৌরবের সংগীতায়োজনে বিশেষ এ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। 

এ গানের বিষয়ে পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, এটি কেবল প্রচারের স্বার্থে তৈরি কোনো গান নয়; বরং সিনেমাটির আবহ, চরিত্রের অন্তর্জগৎ এবং নদীকেন্দ্রিক জীবনের গভীর অনুভূতিকে দর্শকদের হৃদয়ে পৌঁছে দেওয়ার একটি শৈল্পিক ভাষা।

এ পরিচালক বলেন, ‘মাস্তুল’ সিনেমার প্রচারের প্রতিটি উপাদানেই সিনেমার আত্মাকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। পোস্টারের পর গান প্রকাশের লক্ষ্যও ছিল সিনেমাপ্রেমী দর্শকদের সিনেমার আবহের আরও কাছাকাছি নিয়ে আসা। 

জানা গেছে, এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নুরাকে কেন্দ্র করে। তাদের সম্পর্কের সমীকরণ ধরে পর্দায় উঠে এসেছে নদী ও বন্দরের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, একাকীত্ব, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব আর টিকে থাকার গল্প। চারপাশের সেই রূঢ় বাস্তবতার আবহকেই যেন আরও বেশি গভীরে নিয়ে গেছে— ‘আমায় ভাসাইলিরে…’ গানটি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন, সিফাত বন্যা প্রমুখ।

উল্লেখ্য, ‘মাস্তুল’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে এ সিনেমাটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ এবং রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার লুফে নিয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম