লাদাখের সড়কে রোম্যান্সে ডুব দেব-শুভশ্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
টালিউডের সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত অনস্ক্রিন জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টালিউডের সবচেয়ে জনপ্রিয় ও চর্চিত অনস্ক্রিন জুটির অন্যতম হচ্ছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। দীর্ঘ বিরতির পর আবারও তাদের রসায়নে মাততে চলেছে টালি ইন্ডাস্ট্রি। এ পূজায় ফিরছেন এ তারকা জুটি। আগের প্রেমকে কাজে লাগিয়ে ছবির প্রচারের অভিযোগ উঠছে দুজনের বিরুদ্ধে। তাতে অবশ্য পরোয়া নেই দেশু ভক্তদের। ‘দেশু৭’ সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’র টিজার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে ঝড় উঠেছে।
প্রকাশ্যে আসা টিজারে লাদাখের পাহাড়ি রূপকথার পটভূমিতে একে অপরের প্রেমে মগ্ন হতে দেখা গেছে দেব ও শুভশ্রীকে। দেবের চোখের সানগ্লাস আর শুভশ্রীর আবেদনময়ী লুক মুহূর্তেই মনে করিয়ে দিচ্ছে ‘চ্যালেঞ্জ’ বা ‘পরান যায় জ্বলিয়া রে’ সিনেমার সেই সোনালি দিনগুলোর কথা।
‘এবার ফিরলে একা ফিরব না, তোমাকে নিয়ে ফিরব’, শুভশ্রীকে কথা দিয়েছেন দেব। টিজারের পর ছবির গানেও দেব-শুভশ্রী ম্যাজিক। দেবের পরিচালনায় তৈরি হয়েছে এ সিনেমা। দেব-শুভশ্রী ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।
সামাজিক মাধ্যমে টিজারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে— ‘কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না..., সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।’ ক্যাপশনের এ দুটো লাইন যেন কেবল ছবির কাহিনীর জন্যই নয়, বাস্তবজীবনেও তাদের দীর্ঘ কাজের যাত্রাকে ছুঁয়ে যায়।
‘দেশু’ ভক্তদের জন্য এই গানটি নিঃসন্দেহে এক বিশাল উপহার। অনেক বছর পর দুজনকে আবার একটি খাঁটি কমার্শিয়াল রোমান্টিক গানে এভাবে ঘনিষ্ঠভাবে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। গানটির সুর ও দৃশ্যায়ন যে চলতি বছরের অন্যতম বড় ‘লাভ অ্যান্থম’ হতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল এই প্রথম ঝলকেই।
রাজ চক্রবর্তীর ঘরনি হিসেবে শুভশ্রী আজ সংসারী ও দুই সন্তানের মা, আর দেবও নিজের ব্যক্তিগত জীবনে রুক্মিণীর সঙ্গে থিতু। তবে পুরোনো প্রেমের আঁচ কি কোথাউ চাপা আছে? টিজার দেখে প্রশ্ন অনেকেরই।

