শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায়ে মুস্তাক খান
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সহকর্মী ও ভক্তদের ভালোবাসা আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে ভারতের প্রবীণ অভিনেতা মুস্তাক খানকে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মুম্বাইয়ে তার শেষকৃত্যে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ওয়াধওয়া, শাহজাদ খান, জায়েদ দরবার, সুনীল পাল ও অনীস বাজমি শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাক খান। প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসা চললেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার।
শেষ শ্রদ্ধা ও শেষকৃত্যে পরিবারের সদস্য, বন্ধু এবং সহকর্মীরা উপস্থিত হয়ে ভারতীয় চলচ্চিত্রে তার অবদান এবং দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে তার সম্পর্কের কথা স্মরণ করেন।
মুস্তাক খানের ছেলে মোহসিন খান বলেন, তার বাবা ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছিল। শুরুতে ক্যানসারটি প্রথম পর্যায়ে ছিল। পরে এটি দ্রুত জটিল আকার ধারণ করে এবং এক পর্যায়ে এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তারা বিষয়টি বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে যায়। তবে শেষ সময়ে তার বাবার মুখে হাসি ছিল।
বাবার সঙ্গে শেষ কথোপকরণের স্মৃতিচারণ করে মোহসিন বলেন, তখন মুস্তাক খান খুব খুশি ছিলেন এবং হাসছিলেন। তিনি বলেছিলেন, এই পৃথিবীতে জন্ম নিয়ে আমি খুব আনন্দিত। জীবনে যে কাজ করেছি, আশা করি তা মানুষের কাছে পৌঁছেছে।
মুস্তাক খানের বেশ কয়েকটি সিনেমা, টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে বলেও জানান মোহসিন।
মোহসিন জানান, মৃত্যুর এক দিন আগে রাজপাল যাদব হাসপাতালে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করেছিলেন। তাকে দেখে মুস্তাক খান খুব খুশি হয়েছিলেন। অভিনেতা অনুপম খেরও ফোন করে সহানুভূতি ও অনুপ্রেরণামূলক কথা বলেছেন বলে জানান তিনি।
১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিয়ো আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন মুস্তাক খান। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ওয়েলকাম’, ‘গদর: এক প্রেম কথা’ ও ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’।
‘ওয়েলকাম’ সিনেমায় তার ‘মেরি এক টাং নাকলি হ্যায়, ম্যায় হকি কা বহুত বড়া প্লেয়ার হু’ সংলাপের দৃশ্যটি দর্শকদের কাছে এখনও জনপ্রিয়।

