গান সংরক্ষণে ফাউন্ডেশন গড়ছেন জেমস
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিজের গান সংরক্ষণ এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষে ফাউন্ডেশন গড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউলখ্যাত মাহফুজ আনাম জেমস। নাম দিয়েছেন ‘জেমস ফাউন্ডেশন’। বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধনের কাজ চলছে। সব প্রস্তুতি শেষ হলে নতুন বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, ফাউন্ডেশন গঠনের ভাবনা বেশ কিছুদিন ধরেই চলছিল। গান সংরক্ষণের পাশাপাশি এটি নানা সামাজিক কাজেও ভূমিকা রাখবে। উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘দেশের মানুষ যে ভালোবাসা নগরবাউল জেমসকে দিয়ে যাচ্ছেন, সে দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ। জেমসের গানগুলো যেন সঠিকভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে, তা নিয়ে কাজ করবে ফাউন্ডেশনটি। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে।’ তিনি আরও জানান, ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে। জেমস বলেন, ‘কিছু পাওয়ার আশায় আমি গান করিনি। ভালোবেসে, নিজের আবেগ ও তাড়না থেকেই সংগীতচর্চা করেছি। এখন সেগুলোই সংরক্ষণের প্রস্তুতি চলছে।’
