শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের রোমান্স— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টালিউডের পাগলুখ্যাত অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী ইধিকা পাল পর্দায় তাদের কেমিস্ট্রি দিয়ে আবারও সিনেমাপ্রেমী দর্শকদের মন জয় করে নিয়েছেন। দেব-শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর আইটেম গান ‘ইলিশ চন্দনা’য় ইধিকার সঙ্গে রোমান্সে মেতে উঠতে দেখা গেছে এ অভিনেতাকে।
সামাজিক মাধ্যমে গানের একটি দৃশ্যে থাকা ইধিকার সঙ্গে কিছু রোমান্টিক পোজের ছবি প্রকাশ করেছেন অভিনেতা দেব। তবে শুধু দেব-ইধিকাই নয়, গানটিতে আরও নজর কেড়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। গঙ্গাবক্ষে ধারণ করা হাই-এনার্জির এ গান ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
এর আগে অভিনেতা দেবের সিনেমা ‘খাদান’-এর ‘কিশোরী’ গানে দেব ও ইধিকার নাচ দর্শকদের নজর কেড়েছিল। এবার ‘দেশু ৭’ সিনেমার ‘ইলিশ চন্দনা’য় আবার একসঙ্গে দেখা যাবে এ তারকা জুটিকে।
দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস' দুর্গাপূজার আমেজ বাড়িয়ে দিতেই আগভাগেই গানটি তার ভক্ত-অনুরাগীদের মাঝে প্রকাশ করেছে। আর তা নিয়ে বেশ উন্মাদনা ছড়িয়ে পড়েছে দর্শক-শ্রোতাদের মাঝে। নেটিজেনদের একাংশের মতে, শুভশ্রীর চেয়ে ইধিকার সঙ্গেই বেশি মানিয়ে নিয়েছেন দেব।
দিন কয়েক ধরেই সহ-অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে রোমান্টিক পোজে ছবি দিয়ে আলোচনায় আছেন দেব। ফাঁক-ফোকরে আলোচনায় উঠে আসছে তাদের পুরোনো প্রেম প্রসঙ্গও। তবে সমালোচকদের ধারণা— সিনেমার প্রচারের স্বার্থেই আগেই শুভশ্রীর সঙ্গে পর্দায় হওয়া ঘনিষ্ঠ ছবিগুলো প্রকাশ করছেন অভিনেতা দেব।
তবে ‘ইলিশ চন্দনা’ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বার্তা— আসন্ন দুর্গাপূজা মাতাতে বিশেষ উৎসবের গান হিসেবে এটি মুক্তি দেওয়া হয়েছে। বলা হয়েছে— ‘এবার পূজা মাতাবে মাছের ও নাচের রানি।'
