সামান্থার ডিপফেক ঠেকাতে যে নির্দেশ আদালতের
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এ ছাড়া তাকে নিয়ে তৈরি করা অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সামান্থার করা এক মামলার শুনানিতে বিচারপতি মাধব জামদার এ নির্দেশ দেন। মামলাটি অভিনেত্রীর ব্যক্তিসত্তার অধিকারসংক্রান্ত।
আদালত বলেন, সামান্থার অনুমতি ছাড়া এআই দিয়ে তৈরি ডিপফেক ও বিকৃত ছবি বা ভিডিও ব্যবহারের মাধ্যমে তার ব্যক্তিসত্তা ও প্রচার-সংক্রান্ত অধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ভারতের সংবিধান অনুযায়ী সামান্থার মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, গোপনীয়তা ও মানবিক মর্যাদার অধিকার রয়েছে। এ ছাড়া কপিরাইট আইনের আওতায় অভিনয়শিল্পী হিসেবে তার নৈতিক অধিকারও সুরক্ষিত।
সামান্থা তার নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে অনুমতি ছাড়া এআই-নির্মিত ডিপফেক ও বিভিন্ন ধরনের বিকৃত কনটেন্ট তৈরি এবং ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে আদালতের সুরক্ষা চান। এ জন্য তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা, ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান ও ই-কমার্স সংস্থার বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলা, ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রকাশ বন্ধ করা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করা হয়েছে। মামলায় প্রযুক্তি প্ল্যাটফর্ম, এআই নির্মাতা, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাসহ মোট ১৮ জন বিবাদী রয়েছে।
সামান্থার পক্ষ থেকে আদালতে বলা হয়, তার ব্যবসা ও সুনাম মুম্বাইভিত্তিক হলেও বিদেশে থাকা কয়েকজন বিবাদীর কার্যক্রমও মামলার সঙ্গে যুক্ত।
আদালত অন্তর্বর্তীকালীন আদেশে সামান্থাকে নিয়ে অনুমতিহীন কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে তার নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মামলাটির পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
সূত্র: ইন্ডিয়া টুডে

