বিজেপিতে যোগ দেওয়া কোয়েলকে কটাক্ষ শ্রীলেখার
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম
অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের রাজনীতিতে সেলিব্রেটিদের যোগদান নতুন কোনো ঘটনা নয়। এবার সেই পথেই হাঁটলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এতোদিন রাজনীতি করেছেন তিনি। সেই দল ছেড়ে এবার ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সমর্থন দিলেন কোয়েল মল্লিক।
সোমবার (৫ অক্টোবর) বর্ষীয়ান অভিনেতা রঞ্জিতকন্যা কোয়েল মল্লিক আনুষ্ঠানিকভাবে পদ্মদলে নাম লেখালেন। যদিও রোববারই জানা গিয়েছিল, রাজ্যসভায় নিজের ছেড়ে যাওয়া আসনেই ওয়াপসি হচ্ছে তার। ইতোমধ্যে তিনি রাজ্যসভার উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমাও দিয়েছেন।
সোমবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে কোয়েল মল্লিকের গলায় উত্তরীয় পরিয়ে হাতে পতাকা তুলে দেন দলের রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। বিজেপিতে যোগ দিয়েই রাজ্যের নতুন সরকারের প্রশংসায় তিনি পঞ্চমুখ।
কোয়েল মল্লিক বলেন, ‘বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গে উন্নয়নযাত্রা চলছে। আমরা চাই পশ্চিমবঙ্গে আরও কাজ আসুক। প্রত্যেকটা দল নিজেদের মতো ভালো কাজ করার চেষ্টা করে। কাউকে ছোট না-করে বলতে পারি আমি এমন একটা দলে যোগ দিতে পেরেছি, যারা উন্নয়নের কাজ শেষ কয়েক মাস ধরে ভালো করছে। বাংলার উন্নয়নে যোগ দিতেই তার রাজনীতিতে আসা।'
তবে কোয়েল মল্লিকের কথায় এত সহজে যে চিঁড়ে ভেজার না হয়, তা বোঝা যাবে সামাজিক মাধ্যমে চোখ রাখলেই। বরং ক্রমাগত তৃণমূল হিসেবে পরিচিতরা বিজেপিতে বা বিজেপির শরিক দল হিসেবে চিহ্নিত ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’-তে যোগ দেওয়ায় কমলা দলের সমর্থকদের মধ্যেই বাড়ছে ক্ষোভ।
আপাতত সামাজিক মাধ্যমে কটাক্ষের নিশানায় অভিনেত্রী কোয়েল মল্লিক। রঞ্জিতকন্যা বরাবরই নিজের ক্লিন ইমেজের কারণে জনপ্রিয় ছিলেন। তবে তাল কাটে যখন ২০২৬ বিধানসভা ভোটের আগে যোগ দেন তৃণমূলে কংগ্রেসে। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সংসদ হিসেবে নির্বাচিতও হন।
সেই সময় তিনি ও রঞ্জিত মল্লিক রীতিমতো পঞ্চমুখ ছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসায়। কিন্তু কোয়েলের সঙ্গে ঘাসফুল দলের ব্রেকআপ হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের শোচনীয় হারের পর। আর তিন মাসের মাথায় কোয়েল চলে গেলেন বিজেপিতে।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোয়েল মল্লিক বলেন, ‘সবার জন্য কাজ করতে চাই, সবার মঙ্গল কামনা করি।’ এখানে বলে রাখা ভালো— তৃণমূলে যোগ দিয়েও খানিকটা এই সুরই ছিল তার। এবার কোয়েলকে তার বলা কথাতেই বিঁধলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন শ্রীলেখা মিত্র। সেই পোস্টে এ বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন— ‘দেশের সেবা করতে চাই, etc etc… লাইনগুলো বড্ড বস্তাপচা হয়ে গেছে। অন্য কিছু ভাবুন বা স্ক্রিপ্ট রাইটার বদলান’।
কোয়েলকে কটাক্ষ করে পোস্ট করেছেন কিরণ দত্তও। তিনি লিখেছেন, ‘কোয়েল পাখি কখনোই নিজের বাসায় ডিম পাড়ে না। এতে অবাক হওয়ার কি আছে!’

