সাইফ আলি খান ও তার বোন সাবা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান, মা শর্মিলা ঠাকুর ও বোন সোহা আলি খান। তারা তিনজনই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত এবং পরিচিত মুখ। কিন্তু পরিবারের অন্যদের মতো আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন না পতৌদি পরিবারের কন্যা সাবা আলি খান। নিজের মতো করেই জীবন কাটাতে ভীষণ পছন্দ করেন তিনি। অথচ বয়স ৫০ পেরিয়েছে, এখনো বিয়ে করেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন বিয়ে করেননি, সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন সাবা।
সাবা আলি খান পতৌদির জন্ম ১৯৭৬ সালের ১ মে, নয়াদিল্লিতে। ২০২৬ সালে ৫০ বছরে পা রেখেছেন তিনি। অভিনেত্রী মা শর্মিলা ঠাকুরের মতো অভিনয়ে আসেননি। ভাই সাইফ আলি খান ও বোন সোহা আলি খানও যখন চলচ্চিত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তখন সাবা বেছে নিয়েছেন পেশায় একজন জুয়েলারি ডিজাইনার হিসেবে।
নিজের নকশায় গহনা তৈরি করেন তিনি। এর পাশাপাশি ট্যারো কার্ড রিডার ও আধ্যাত্মিক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। তার নিজস্ব ওয়েবসাইটে এসব পরিচয়ের পাশাপাশি ভোপালের ঐতিহ্যবাহী রাজপরিবারের দাতব্য সম্পত্তি ও তহবিল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আউকাফ-ই-শাহি’র মুতাওয়াল্লি বা প্রধান ট্রাস্টি হিসেবে নিজের দায়িত্বের কথা উল্লেখ করেছেন।
অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির অনুষ্ঠানে আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সাবা আলি খান। তিনি বলেন, জীবনে কখনো তার প্রথম প্রেমিকও ছিল না। তবে কৈশোর পেরোনোর পর থেকেই পরিবার ও পরিচিতজনদের মাধ্যমে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। যৌবনে এসে যেন রোমান্টিক জীবন উপভোগ করতে শুরু করে বলে জানান তিনি।
সাবা বলেন, ১৮-১৯ বছর বয়স থেকেই বিয়ের জন্য অনেকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল তাকে। এমনকি ১৯ বছর বয়সে কলকাতার এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। কারণ তখনো বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি। সাবা বলেন, ‘আমি তখন সত্যিই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। তাই সেই সম্পর্ক আর এগোয়নি।’
বিয়ের প্রতি অবশ্য কখনোই অনাগ্রহী ছিলেন না সাবা। পরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে তার আপত্তি ছিল না। কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাননি বলে জানান তিনি। সাবা বলেন, ‘এমন কাউকে খুঁজে পাইনি, যার সঙ্গে সত্যিকার অর্থে মানসিক ও জীবনযাপনের মিল রয়েছে।’
জীবনসঙ্গী খুঁজে না পাওয়ার পেছনে বাবার প্রভাবের কথাও বলেছেন সাবা আলি খান। তার বাবা মনসুর আলী খান পতৌদি ছিলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক। ক্রিকেট মাঠে যেমন তার নেতৃত্ব ও ব্যক্তিত্বের পরিচিতি ছিল, ব্যক্তিজীবনেও ছিলেন আকর্ষণীয়, বিনয়ী এবং দায়িত্বশীল মানুষ। সাবার কাছে বাবা ছিলেন এক অনন্য উদাহরণ।
সাবা বলেন, বাবার মতো কাউকে খুঁজছিলেন, বিষয়টি ঠিক এমন নয়। তবে বাবার কাছ থেকে যে মূল্যবোধ পেয়েছেন, তা তার জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। তিনি বলেন, ‘আব্বা ছিলেন অসাধারণ একজন মানুষ। অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন, বিনয়ী ও দায়িত্বশীল। সবচেয়ে বড় কথা, তিনি আমাকে স্বাধীন হতে শিখিয়েছেন।’
এর আগে অভিনেত্রী তাপসী পান্নুর এক সাক্ষাৎকারে একটি মন্তব্যও তার মনে দাগ কেটে যায়। সেই সাক্ষাৎকারে তাপসী বলেছিলেন— ‘আমার কোনো ছেলে নয়, একজন পরিণত পুরুষ প্রয়োজন।’ কথাটির সঙ্গে সহমত হয়ে ভাবনার মিল খুঁজে পেয়েছেন সাবা। তারও প্রত্যাশা ছিল এমন একজন মানুষের, যিনি শুধু সম্পর্কে জড়াবেন না, দায়িত্ব নিতে জানবেন এবং সঙ্গীর স্বাধীনতাকে সম্মান করবেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কাউকে খুঁজে পাননি। তবে অবিবাহিত থাকাকে নিজের সচেতন সিদ্ধান্ত বলেও মনে করেন না সাবা। ২০২৬ সালের অক্টোবরে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন— জীবনে একজন সঙ্গী পাওয়ার ইচ্ছা তার ছিল। কিন্তু শুধু বিয়ে করার জন্য আপস করতে চান না।
সাবা বলেন, ‘আমি একা থাকতে পারি, কিন্তু নিঃসঙ্গ নই। নিজের মতো করে থাকতে আমার ভালো লাগে।’ তিনি বলেন, একটি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, যত্ন ও বন্ধুত্ব। শুধু শারীরিক আকর্ষণ বা রোমান্টিক রসায়ন দিয়ে সম্পর্ক টেকে না। এমন একজন মানুষ প্রয়োজন, যার সঙ্গে মন খুলে কথা বলা যায়, যাকে বিশ্বাস করা যায়।
সাবা বলেন, ‘বিয়ের জন্য বিয়ে করতে চাই না। কাউকে প্রমাণ করারও কিছু নেই। সম্পর্কে থাকলে অনুভব করতে হবে, সেখানে আমাকে সম্মান করা হচ্ছে, আমার যত্ন নেওয়া হচ্ছে এবং বিষয়টি দুজনের জন্যই সমান।’

