ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভাসালেন ভক্ত-অনুরাগীরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মা হতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের এই বিশেষ অধ্যায়ের নানা মুহূর্ত তিনি তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন। তবে এ মুহূর্তে প্রচলিত জাঁকজমকপূর্ণ মাতৃত্বকালীন ফটোশুটের পথে হাঁটলেন না এ দক্ষিণী অভিনেত্রী। বরং একেবারে ঘরোয়া মেজাজে সোফায় বসে স্ফীতোদরের ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রকাশ করলেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ফীতোদরের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, সোফায় একগাদা কুশনের ওপর হেলান দিয়ে আরাম করে বসে আছেন অভিনেত্রী। পরনে লাল রঙের ছাপা কুর্তা ও সাদা পাজামা, চোখে সানগ্লাস— দুই হাত দিয়ে আগলে রেখেছেন স্ফীতোদর।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— 'এটাকেই আমার মাতৃত্বকালীন ফটোশুট বলে ধরে নিন।' কারণ আলাদা করে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, নিজের স্বাভাবিক ছন্দেই এই বিশেষ মুহূর্ত উদ্যাপন করতে চেয়েছেন তিনি। ছবি প্রকাশ্যে আসতেই সামান্থাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
অভিনেত্রীর স্বামী তথা পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন সামান্থা রুথ প্রভু। ২০২৫ সালের ১ ডিসেম্বর ইশা যোগ কেন্দ্রে ঘনিষ্ঠ পরিবার-পরিজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। চলতি বছরের জুন মাসে নিজের ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সেই সময় তিনি জানিয়েছিলেন, পেশাগত কাজের দায়িত্ব শেষ করে কিছু দিনের জন্য অভিনয় থেকে বিরতি নেবেন।
সম্প্রতি তার জীবনের এই বিশেষ অধ্যায়কে ঘিরে আয়োজন হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। নাম সীমন্তম। সেই ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ঐতিহ্য মেনে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ নিদিমোরুও। হবু বাবা হিসেবে রাজের দায়িত্ব পালনের ঝলকও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এমনকি সন্তানের আসার প্রস্তুতিতে রাজকে ‘বেবি মনিটরের স্ট্যান্ড’ তৈরি করতেও দেখা গেছে।
মাতৃত্বের শেষ পর্যায়ে পৌঁছেও নিজের শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম মাস থেকে নবম মাস পর্যন্ত শরীরচর্চার নানা মুহূর্তের ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। একদিকে মাতৃত্বের প্রস্তুতি, অন্যদিকে কাজ থেকে সাময়িক বিরতি— সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়কে নিজের মতো করে উপভোগ করছেন অভিনেত্রী।

