‘আমার ব্যক্তিগত কিছু ফাঁস হলে দায় তার’, কার বিরুদ্ধে অভিযোগ ফারিনের?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
ফারিন খান। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
|
ফলো করুন |
|
|---|---|
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী ও মডেল ফারিন খান। এই অভিনেত্রী গত কয়েক বছর ধরে পরিচিত এক ব্যক্তির দ্বারা ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে নিজের ওপর চলা দীর্ঘদিনের এই মানসিক নিপীড়নের কথা প্রকাশ করেন তিনি। তবে আপাতত তার নাম প্রকাশ করেননি ফারিন।
ফেসবুক লাইভে অভিনেত্রী বলেন, ‘আমি একজন শিল্পী, অভিনয়ের বাইরেও আমার একটি ব্যক্তিগত জীবন আছে। আমি সবসময় তা মিডিয়া থেকে দূরে রাখতে চেয়েছি। কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয়, যখন বাধ্য হয়ে মুখ খুলতে হয়। আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা মানসিকভাবে বিপর্যস্ত।’
ফারিনের দাবি, যে ব্যক্তি তাকে দীর্ঘদিন ধরে হেনস্তা করছেন, তিনি তার পূর্বপরিচিত। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি অভিনেত্রীর কিছু সহকর্মীর কাছে তার ব্যক্তিগত ভিডিও ও বিভিন্ন কথোপকথন ছড়িয়ে দিচ্ছেন।
ক্ষোভ প্রকাশ করে ফারিন বলেন, ‘সে আমাদের জানাশোনা একজনই। এখন আমার অনেক কলিগদের কাছে সে আমার ভিডিও এবং ব্যক্তিগত কথাবার্তা শেয়ার করছে। যাদের কাছে শেয়ার করছে তাদেরকেও আমি ফেস করতে চাই। তারা বিষয়গুলো কীভাবে দেখছে সেটা নিয়েও কথা বলব।’
এ সময় অভিযুক্ত ব্যক্তির দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করে তিনি তাকে ‘চিটার ও ভণ্ড’ বলে আখ্যায়িত করেন। অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে ফারিন বলেন, ‘আমি অবাক হই একটা মানুষ কতটা হিপোক্রেট হয়! সে মালয়েশিয়া বসে মক্কার নাম বলে— কতটা মিথ্যাবাদী, চিটার, ভণ্ড!’
ফারিন আরও জানান, তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন একাধিকবার হ্যাক করা হয়েছে। তার অনেক ব্যক্তিগত নথিপত্রও ওই ব্যক্তির দখলে রয়েছে।
পুরো বিষয়টি নিয়ে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। ফারিন বলেন, ‘সে অনেকবার আমার আইডি হ্যাক করেছে। আমার ফোন হ্যাক করেছে। আমার অনেক ডকুমেন্ট তার কাছে রয়েছে, যেটা নিয়ে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। আমার কোনো ব্যক্তিগত কথাবার্তা, ক্লিপস বা কোনো কিছু যদি কারও কাছে সে পাঠাতে চায় বা দেখাতে চায়, আপনারা অবশ্যই আমাকে অবগত করবেন। আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।’
আগামী দুই-তিন দিন শুটিংয়ের ব্যস্ততা থাকায় আপাতত অভিযুক্তের নাম প্রকাশ করছেন না ফারিন। তবে কাজ শেষ করে অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন এবং অভিযুক্তের আসল রূপ সবার সামনে উন্মোচন করবেন বলে জানিয়েছেন তিনি।
সংকটের এই মুহূর্তে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে ফারিন খান বলেন, ‘সব কাজ শেষ করে আমি আমার অভিভাবকদের নিয়ে বসে বিস্তারিত জানাব এবং সাংবাদিকদের ডেকে অফিশিয়ালি নাম প্রকাশ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এমন ভয়াবহ মানুষের হাত থেকে রক্ষা পাই।’
