সোনিয়া গান্ধীর বই পড়ে যে মন্তব্য জাভেদ আখতারের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় কংগ্রেস নেত্রী বর্তমানে সংসদীয় দলের চেয়ারপারসন ও রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধীর লেখা বই পড়তে শুরু করেছেন গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। বইটির সহজ ভাষা ও লেখার ধরন বেশ পছন্দ হয়েছে এ কিংবদন্তি গীতিকারের।
তবে সোনিয়ার বইয়ের প্রশংসা করলেও কংগ্রেসের সঙ্গে নিজের রাজনৈতিক যোগের কথা অস্বীকার করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রামায়ণ’ ও ভগবান রাম নিয়েও মুখ কথা বলেন জাভেদ আখতার।
সোনিয়া গান্ধীর লেখা বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রশংসা করে এ গীতিকার জানিয়েছেন, সম্প্রতি তিনি বইটি পড়া শুরু করেছেন এবং এর লেখার ধরন তার বেশ ভালো লাগছে। তবে জাভেদ এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত নন। এমনকি দলের সমর্থকও নন। তা সত্ত্বেও তিনি সোনিয়া গান্ধীকে অত্যন্ত সম্মান করেন বলে জানান এ কিংবদন্তি গীতিকার।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, ‘আমি সবেমাত্র সোনিয়া গান্ধীর বইটি পড়ছি। আমার কাছে এটি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এবং পড়তে খুব ভালো লাগছে। এর লেখার শৈলী অত্যন্ত সহজ-সরল, তাই খুব সহজেই পড়া যাচ্ছে। পুরো বইটি শেষ করার পরই আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব।’
তিনি বলেন, ‘তবে আমি প্রকাশ্যে এটা বলতে চাই যে, আমি সোনিয়া গান্ধীকে ভীষণ সম্মান করি। আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত নই, কিন্তু তাকে অনেক শ্রদ্ধা করি। কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম। আমি তার দ্বারা ভীষণভাবে প্রভাবিত।’
গত ১০ নভেম্বর সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশিত হয়। এরপর ১৬ নভেম্বর নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনিয়ার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াংকা গান্ধীও।
এ অনুষ্ঠানে আরও দেশের একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কর্নাটকের ডিকে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু। এছাড়া হাজির ছিলেন হামিদ আনসারি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, ফারুক আবদুল্লাহ, পি চিদম্বরম ও তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাক্ষাৎকারে জাভেদ আখতার ‘রামায়ণ’ সিনেমাটি নিয়েও কথা বলেছেন। যদিও তিনি এখনো সিনেমাটি দেখেননি। তার মেয়ে তথা পরিচালক জোয়া আখতার সিনেমাটি দেখেছেন এবং প্রশংসা করেছেন বলে জানান এ গীতিকার।
সেই সময় ছলে জাভেদ আখতার বলেন, জোয়া খুব সহজে কোনো কিছুর প্রশংসা করেন না। এমনকি বাবার কাজের প্রশংসাও তিনি আজ পর্যন্ত করেননি। সে ক্ষেত্রে তার কথাতেই সিনেমাটি ভালো হবে বলে আমার বিশ্বাস।
ভগবান রাম প্রসঙ্গে জাভেদ আখতারের বক্তব্যও নজর কেড়েছে। তিনি বলেন, ধর্ম নির্বিশেষে রামের ভাবনা ভারতীয়দের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। রামকে শুধু একজন ব্যক্তি হিসেবে দেখলে তার তাৎপর্য সীমিত হয়ে যায়। বরং রাম এক ধরনের জীবনদর্শন ও জীবনযাপনের পথ বলেই মনে করেন জাভেদ আখতার।

