প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েও কেন পিছিয়ে গিয়েছিলেন সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সোনিয়া গান্ধীকেই দেখছিলেন দলের নেতাকর্মী ও রাজনৈতিক মহল। কিন্তু শেষ পর্যন্ত সেই দায়িত্ব গ্রহণ করেননি তিনি। নিজের জায়গায় প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন মনমোহন সিংকে।
নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ সেই সময়ের ঘটনাপ্রবাহ ও সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ তুলে ধরেছেন সোনিয়া।
তিনি লিখেছেন, নির্বাচনে জয়ের পর মনমোহন সিংকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যান এবং সরকার গঠনের দাবি জানান। এরপর দলের নেতাকর্মীরা তার প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা নিয়ে অপেক্ষা করতে থাকেন।
কংগ্রেসের কয়েকজন জ্যেষ্ঠ নেতা তাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য চাপ দেন। এমনকি জোটের নেতারাও তাকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানান। একপর্যায়ে সোনিয়ার মুখ থেকে ‘ঠিক হ্যায়’ কথাটি শুনে উপস্থিত নেতারা ধরে নেন, তিনি প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন।
কিন্তু বিষয়টি নিয়ে তার সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী উদ্বিগ্ন হয়ে পড়েন। রাহুল সরাসরি জানতে চান, তিনি সত্যিই সম্মতি দিয়েছেন কি না। অন্যদিকে প্রিয়াঙ্কা তাকে চাপের মুখে সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানান।
সোনিয়ার আশঙ্কা ছিল, বিদেশে জন্ম নেওয়ার বিষয়টি নিয়ে বিজেপি রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। তার মতে, এতে শুধু তার ব্যক্তিগত অবস্থান নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতিও ক্ষতিগ্রস্ত হতে পারত।
স্মৃতিকথায় তিনি জানিয়েছেন, দীর্ঘ চিন্তাভাবনার পর পরদিন সকালে রাহুলকে নিজের সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রী হবেন না বলে স্থির করেন তিনি।
এরপর নিজের পরিবর্তে মনমোহন সিংকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য বেছে নেন। ২০০৪ সালের সেই সিদ্ধান্ত ভারতীয় রাজনীতির অন্যতম আলোচিত ঘটনা হয়ে আছে।
তথ্যসূত্র: বিবিসি

