রাজনীতি অপছন্দ করা সোনিয়া যেভাবে কংগ্রেসের নেতৃত্বে এলেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজনীতির প্রতি কখনোই বিশেষ আগ্রহ ছিল না সোনিয়া গান্ধীর। বরং তার চোখে রাজনীতি ছিল উচ্চাকাঙ্ক্ষা, লোভ, ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার এক জটিল জগৎ। অথচ জীবনের এক পর্যায়ে সেই রাজনীতিরই অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি।
নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ রাজনীতিতে প্রবেশের পেছনের কারণ তুলে ধরেছেন ভারতের প্রবীণ এই কংগ্রেস নেতা।
সোনিয়া লিখেছেন, রাজীব গান্ধীর মাধ্যমে রাজনীতির ভালো-মন্দ দুই দিকই কাছ থেকে দেখেছেন তিনি। রাজনীতির কারণে প্রথমে শাশুড়ি ইন্দিরা গান্ধী, পরে স্বামী রাজীব গান্ধীকে হারানোর বেদনাও তাকে তাড়িয়ে বেড়িয়েছে।
তবে রাজীবের মৃত্যুর পর কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা, নেতাদের দলত্যাগ এবং নির্বাচনী ভিত্তি হারানোর পরিস্থিতি তাকে নতুন করে ভাবতে বাধ্য করে। তার আশঙ্কা ছিল, কংগ্রেস দুর্বল হয়ে পড়লে ভারতের ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী আদর্শও হুমকির মুখে পড়বে।
রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে গিয়ে শেষ পর্যন্ত ভগবদ্গীতার দর্শন থেকে অনুপ্রেরণা পান সোনিয়া। ১৯৯৭ সালের জানুয়ারিতে একজন সংস্কৃত পণ্ডিতের কাছে ব্যক্তিগতভাবে গীতার পাঠও নেন তিনি। গীতার কর্মফলের প্রতি আসক্তি ছাড়া নিজের কর্তব্য পালনের দর্শনই তার সংশয় কাটাতে সাহায্য করে।
স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, নিজের সন্দেহ ও প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার পর তিনি বুঝতে পারেন, কর্তব্য যেখানে ডাকছে, সেখানে তাকে যেতে হবে। সেই উপলব্ধি থেকেই রাজনীতির ময়দানে পা রাখেন তিনি।
ব্যক্তিগত শোক ও অনিচ্ছা পেছনে ফেলে কংগ্রেসের নেতৃত্বে আসার মধ্য দিয়ে ভারতীয় রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেন সোনিয়া গান্ধী।
তথ্যসূত্র: বিবিসি

