ইন্দিরা হত্যার পর রাজীবকে হারানোর আতঙ্কে ছিলেন সোনিয়া, স্মৃতিকথায় প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
১৯৮৪ সালের ৩১ অক্টোবর। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দুই শিখ দেহরক্ষী গুলি করে হত্যা করেন। সেই ঘটনার প্রত্যক্ষ অভিঘাত শুধু গান্ধী পরিবারেই নয়, গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল তার পুত্রবধূ সোনিয়া গান্ধীকেও।
নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ সেই ভয়াবহ দিনের স্মৃতি তুলে ধরেছেন সোনিয়া। তিনি লিখেছেন, ঘটনার সময় স্নান করতে যাচ্ছিলেন তিনি। হঠাৎ গুলির শব্দ শুনে প্রথমে আতশবাজির আওয়াজ মনে হলেও দ্রুত বুঝতে পারেন পরিস্থিতি স্বাভাবিক নয়।
পরে বাগানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ইন্দিরা গান্ধীকে পড়ে থাকতে দেখেন তিনি। হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষার পর চিকিৎসকদের ইঙ্গিতে বুঝতে পারেন, শাশুড়িকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার সময় পশ্চিমবঙ্গে একটি জনসভায় ছিলেন রাজীব গান্ধী। দিল্লিতে ফিরে তিনি জানান, কংগ্রেস নেতারা তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে চান। স্বামীর নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে সোনিয়া বলেছিলেন, ‘ওরা তোমাকেও মেরে ফেলবে, তোমাকেও বাঁচতে দেবে না।’
জবাবে রাজীব বলেছিলেন, ‘ওরা আমাকে এমনিতেও মেরে ফেলবে।’
সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, সেদিন সন্ধ্যাতেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। ইন্দিরার মরদেহ তখনো বাড়িতে পড়ে ছিল।
একটি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মুহূর্তেই বদলে যায় সোনিয়ার পারিবারিক জীবন। রাজনীতির বাইরে থাকতে চাওয়া এই নারীকে এরপর থেকে প্রত্যক্ষ করতে হয় ভারতের ক্ষমতার কেন্দ্রের নানা উত্থান-পতন।
তথ্যসূত্র: বিবিসি

