মিস ইউনিভার্স
সেরা ৩০-এ জায়গা না পেলেও দুই পর্বে সেরা হন মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে
|
ফলো করুন |
|
|---|---|
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বৈশ্বিক মঞ্চে পা রেখেছিলেন দেশের পরিচিত মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিশ্বসুন্দরীর মুকুট ছোঁয়ার দৌড়ে সেরা ৩০-এ জায়গা না পেলেও ভিন্ন এক সাফল্যে নজর কেড়েছেন তিনি। মূল প্রতিযোগিতায় এগোতে না পারলেও দর্শকদের ভোটে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সেরার স্বীকৃতি আদায় করে নিয়েছে বাংলাদেশ।
সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে লাল-সবুজের এই প্রতিনিধি। পাশাপাশি, ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেছেন মাহি।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্ব থেকেই মূলত আলোচনায় উঠে আসেন তিনি। প্রচলিত ধারা ভেঙে বিকিনির বদলে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন মাহি, যার সঙ্গে যুক্ত ছিল পেছনে ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়।
তার এই ব্যতিক্রমী লুক ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স অনলাইনে বেশ প্রশংসা পায়। শেষ পর্যন্ত সেই পর্বে দর্শকদের ভোটেও সাফল্যের হাসি হাসেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই সুখবর ভাগ করে নেন মাহি। তার ভাষায়, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ, আর ন্যাশনাল কস্টিউম বিভাগে এসেছে প্রথম রানারআপের স্বীকৃতি।
বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের সব মানুষের বলেই মনে করেন তিনি।
আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। পুরো পথচলায় সমর্থকদের ভালোবাসা, দোয়া ও উৎসাহই তাকে এগিয়ে চলার সাহস দিয়েছে বলে জানান তিনি। প্রতিটি ধাপে বাংলাদেশকে মনে ধারণ করার কথা জানিয়ে এই ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন মাহি।

