ফের ঢাকায় ওটিলিয়া, চড়া দামের কনসার্টে দর্শক টানতে পারবেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ এএম
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় এক দশক আগে ‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা। ইংরেজি ও স্প্যানিশ মিশেলের সেই গান বাংলাদেশের শ্রোতাদের কাছেও বেশ পরিচিত হলেও গানের কথা অনেকের কাছেই ছিল অচেনা। সেই গানের রেশ ধরেই ২০২২ সালের পর দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রেখেছেন এই শিল্পী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছেই গণমাধ্যমের মুখোমুখি হন ওটিলিয়া। সাংবাদিকদের কৌতূহল আর সামাজিক মাধ্যমে শুরু হওয়া আলোচনার মাঝেই এবার বড় প্রশ্ন—শুধু কি একটি গানের জনপ্রিয়তা দিয়ে ঢাকার বড় কনসার্ট মাতানো সম্ভব?
ওটিলিয়ার এই সফরকে ঘিরে আয়োজিত কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত। একদিকে গানের ভাষাগত দূরত্ব, অন্যদিকে টিকিটের চড়া দাম—সব মিলিয়ে শ্রোতাদের আগ্রহ নিয়ে তৈরি হয়েছে নানা হিসাব-নিকাশ।
অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ‘বিলিওনেরা’র বাইরে ওটিলিয়ার অন্য গানগুলো ঢাকার শ্রোতারা কতটা চেনেন বা গাইতে পারবেন। শুধুমাত্র একটি চেনা গানের টানে এত টাকা খরচ করে দর্শক হল বা মঞ্চ ভরিয়ে দেবেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সংগীতপ্রেমীদের বড় একটি অংশ।
দেশে বিদেশি শিল্পীদের কনসার্ট আয়োজন নতুন নয়, তবে সাম্প্রতিক ব্যস্ততা ও জনপ্রিয়তার পরিমাপ নিয়েও কথা উঠছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরে ওটিলিয়ার মঞ্চ পারফরম্যান্সের সংখ্যা বেশ সীমিত; বছরজুড়ে হাতে গোনা কয়েকটি শোতেই দেখা গেছে তাকে। যেখানে এড শিরান, বিয়ন্সে বা টেইলর সুইফটের মতো বিশ্বতারকারা বছরে গড়ে ৮০টির বেশি শো করেন, সেখানে ওটিলিয়ার লাইভ উপস্থিতি ও বৈশ্বিক সংবাদমাধ্যমে আলোচনা তুলনামূলক কম।
ইউটিউবের পরিসংখ্যানেও দেখা যায় বড় ব্যবধান। তার তুমুল জনপ্রিয় গান ‘বিলিওনেরা’র অফিশিয়াল ভিডিওতে ভিউ প্রায় ৭২ কোটি ৫৯ লাখ। অথচ তার অন্য পরিচিত গানগুলোর মধ্যে ‘অ্যাডেলান্তে’ প্রায় ৮ কোটি ৫২ লাখ, ‘ডায়ামান্তে’ ৭ কোটি ৭৫ লাখ, ‘প্রিসিওনেরা’ ৪ কোটি ৩৫ লাখ এবং ‘অ্যাভেনচুরা’ প্রায় ২ কোটি ৭৮ লাখ ভিউ পেয়েছে।
এ ছাড়া তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪ লাখ ৩ হাজার। যদিও ডিজিটাল পরিসংখ্যান দিয়ে কোনো শিল্পীর পুরো জনপ্রিয়তা মাপা যায় না, তবু শীর্ষ গানটির সঙ্গে বাকিগুলোর এই ফারাক দর্শকদের ভাবাচ্ছে।
সংগীতানুরাগীদের একাংশের মতে, দেশের সংগীতাঙ্গনেই এমন অনেক জনপ্রিয় শিল্পী রয়েছেন, যাদের গান দর্শক প্রাণভরে উপভোগ করেন। পাশাপাশি, ভারতীয় উপমহাদেশের বহু পরিচিত শিল্পীর প্রতিও এখানকার শ্রোতাদের দীর্ঘদিনের টান রয়েছে। এমন বাস্তবতায় তুলনামূলক কম পরিচিত বা এক-গান-নির্ভর বিদেশি শিল্পীকে নিয়ে বড় আয়োজন ও প্রচারণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
সব মিলিয়ে ওটিলিয়ার ঢাকা সফর নিয়ে কৌতূহল যেমন রয়েছে, তেমনি রয়েছে বাস্তবতার প্রশ্নও। শিল্পীর জনপ্রিয়তা, বর্তমান অবস্থান এবং আয়োজনের বড় পরিসরের মধ্যে কতটা ভারসাম্য থাকে—এখন সেটিই দেখার অপেক্ষা।

