‘চল্লিশের পর সবাই প্রত্নতাত্ত্বিক নিদর্শন’, কেন বললেন জয়?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের বদলানোর ক্ষমতা কতটা কমে—তা নিয়ে বেশ রসিকতায় মেতেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তরুণ প্রজন্মের সঙ্গে মধ্যবয়সী ও চল্লিশোর্ধ্বদের তুলনা টেনে হাস্যরসের মাধ্যমে নিজের জীবনবোধ তুলে ধরেছেন তিনি।
ওই পোস্টে জয় জানান, আশপাশে যারা ৩০ থেকে ৩৫ বছরের নিচে, মূলত তাদের ওপরই আশা, রাগ কিংবা দুঃখ পাওয়ার জায়গা থাকে; কারণ এই বয়সে বদলে যাওয়ার সম্ভাবনা এখনো টিকে থাকে। বোঝালে তারা বোঝে, ঠেকে শেখে এবং হয়তো নিজেকে বদলায়ও।
তিনি লিখেছেন, ‘আমাদের আশেপাশে ত্রিশ পঁয়ত্রিশ বছরের নিচে যারা, শুধু তাদের ওপরেই আশা করা যায়, রাগ করা যায়, দুঃখ পাওয়া যায়। কারণ তাদের মধ্যে এখনো পরিবর্তনের একটা সম্ভাবনা আছে। বোঝালে বুঝবে, ঠেকে শিখবে, হয়তো বদলাবেও।’
তবে ৩৫ পেরোলেই যে হিসাব বদলে যায়, সে কথাও ঠাট্টার ছলে তুলে ধরেছেন এই অভিনেতা।
তার মতে, পঁয়ত্রিশের পর কারও বোধদয়ের আশা করা অনেকটা ‘পাথরে ফুল ফোটানোর’ মতো। এ বয়সে পৌঁছে কারও ওপর রাগ বা মন খারাপ করার মানে হয় না; বরং মানুষ যেমন, তেমনই থাকবে—এটা ধরে নিয়েই এগোতে হয়।
আর চল্লিশের ওপরে? জয়ের ভাষায়, চল্লিশ পেরোনো মানুষদের নিয়ে তো আলাদা করে কিছু বলারই থাকে না, কারণ তারা এতটাই অপরিবর্তনীয় যে প্রায় ‘প্রত্নতাত্ত্বিক নিদর্শন’-এ পরিণত হন।
তিনি লেখেন, ‘আর চল্লিশের ওপরে? ও বাবা! চল্লিশের ওপরের কারো ব্যাপারে তো বলাই উচিত না। তারা এতটাই অপরিবর্তনীয়, প্রায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন।’
মজার ছলে পোস্টের শেষদিকে নিজেকে উদ্দেশ্য করে জয় লিখেছেন, ‘এই লেখাটা যিনি লিখেছেন তিনিও চল্লিশের উপরে’।
বরাবরই নিজের স্পষ্টভাষিতা ও ভিন্নধর্মী ভাবনার জন্য সামাজিক মাধ্যমে আলোচনায় থাকেন শাহরিয়ার নাজিম জয়। বয়স ও স্বভাবের এই হালকা মেজাজের বিশ্লেষণও তার অনুসারীদের কাছে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।

