বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডে অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে আলোচনা সবসময়ই হয়ে থাকে। তবে বড় বাজেটের চলচ্চিত্রগুলোতে অভিনেত্রীরাও এখন নিজেদের অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাদের জনপ্রিয়তা, অভিনয় দক্ষতা এবং বক্স অফিসে প্রভাব পারিশ্রমিকের অঙ্ককে বেশ উঁচুতে নিয়ে গেছে।
সম্প্রতি ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষ পাঁচজন তারকার নাম উঠে এসেছে। নিচে তাদের পরিচয় ও ছবিপ্রতি পারিশ্রমিকের বিবরণ তুলে ধরা হলো:
১. প্রিয়াঙ্কা চোপড়া
সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে এই অভিনেত্রী হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০০০ সালে 'মিস ওয়ার্ল্ড' খেতাব জয়ের পর বিনোদন জগতে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। ২০০৩ সালে 'দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই' সিনেমার মাধ্যমে বলিউডে তাঁর অভিষেক হয়। পরবর্তী সময়ে 'আন্দাজ', 'মুঝসে শাদি করোগি', 'ফ্যাশন', 'বরফি!' এবং 'মেরি কম'-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। 'ফ্যাশন' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। হলিউড টেলিভিশন সিরিজ 'কোয়ান্টিকো'-এর মাধ্যমে প্রিয়াঙ্কা আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। এছাড়া 'বেওয়াচ', 'ইজন্ট ইট রোমান্টিক' এবং 'দ্য হোয়াইট টাইগার'-এর মতো সিনেমাতেও তাঁকে দেখা গেছে। আইএমডিবির তালিকা অনুযায়ী, তিনি প্রতি সিনেমার জন্য ১৮ কোটি থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করার পর ২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে 'ওম শান্তি ওম' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রেই তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর 'লাভ আজ কাল', 'ককটেল', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'চেন্নাই এক্সপ্রেস', 'বাজিরাও মাস্তানি' এবং 'পদ্মাবত'-এর মতো ব্যবসাসফল সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান আরও মজবুত করেন। 'পিকু' সিনেমায় অভিনয়ের জন্যও তিনি দারুণ প্রশংসিত হন। 'ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ' সিনেমার মাধ্যমে হলিউডে তাঁর অভিষেক ঘটে। এছাড়া ২০২৪ সালের আলোচিত সিনেমা 'কল্কি ২৮৯৮ এডি'-তে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আইএমডিবির তথ্যমতে, দীপিকা প্রতি সিনেমার জন্য ১৫ কোটি থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন।
৩. কঙ্গনা রানাউত
তালিকার তৃতীয় অবস্থানে আছেন কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও তিনি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। ২০০৬ সালে অনুরাগ বসুর 'গ্যাংস্টার' সিনেমার মাধ্যমে বলিউডে তাঁর যাত্রা শুরু হয় এবং প্রথম সিনেমাতেই তিনি প্রশংসিত হন। পরবর্তীতে 'ফ্যাশন', 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই', 'তনু ওয়েডস মনু', 'কুইন' এবং 'তনু ওয়েডস মনু রিটার্নস'-এর মতো ছবির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। 'কুইন' চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। ২০২৪ সালে নিজের পরিচালিত 'ইমার্জেন্সি' সিনেমার মাধ্যমে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন। আইএমডিবির তালিকা অনুযায়ী, কঙ্গনা ছবিপ্রতি ১৫ কোটি থেকে ২৭ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেন।
৪. ক্যাটরিনা কাইফ
তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করে ২০০৩ সালে 'বুম' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর। শুরুর দিকে অভিনয় ও ভাষাগত সীমাবদ্ধতার কারণে সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত জায়গা করে নেন। তিনি 'নমস্তে লন্ডন', 'নিউ ইয়র্ক', 'আজব প্রেম কি গজব কাহানি', 'রাজনীতি', 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'এক থা টাইগার' এবং 'ধুম ৩'-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। নাচ এবং অ্যাকশন দৃশ্যেও ক্যাটরিনা তাঁর দক্ষতার প্রমাণ দিয়েছেন। 'টাইগার ৩' এবং 'মেরি ক্রিসমাস'-এর মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি আলোচনায় ছিলেন। আইএমডিবির তথ্য অনুযায়ী, ক্যাটরিনা প্রতি সিনেমার জন্য ১৫ কোটি থেকে ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
৫. আলিয়া ভাট
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। তুলনামূলক কম বয়সেই তিনি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানের কন্যা আলিয়া ২০১২ সালে করণ জোহরের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর 'হাইওয়ে', 'টু স্টেটস', 'উড়তা পাঞ্জাব', 'রাজি', 'গলি বয়', 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' এবং 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আলিয়া হলিউডেও কাজ করেছেন; ২০২৩ সালে নেটফ্লিক্সের 'হার্ট অব স্টোন' সিনেমায় গ্যাল গ্যাডটের সাথে তাঁকে দেখা যায়। আইএমডিবির তালিকা অনুযায়ী, তিনি প্রতি সিনেমার জন্য ১০ কোটি থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

