ধসে পড়া ভবনে উদ্ধার অভিযানের দৃশ্য। ছবি: পিটিআই
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের পুরোনো দিল্লির চাওরি বাজার এলাকায় নির্মাণাধীন তিনতলা একটি ভবন ধসে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালের এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাদিম ও জুনিয়র প্রকৌশলী আমান দালালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় ভবন ধসের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা সেখানে উদ্ধার অভিযান চালায়।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, সরু গলির মধ্যে ভবনের একটি অংশ মাটিতে পড়ে আছে। চারপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ। পুরোনো দিল্লির ঐতিহ্যবাহী সরু গলিতে দুই পাশে যানবাহন পার্ক করে রাখার কারণে উদ্ধারকাজে প্রায়ই বেগ পেতে হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি।
একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা গলি থেকে নিজেদের গাড়ি সরিয়ে অ্যাম্বুলেন্স চলাচলের পথ করে দিচ্ছেন। উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে কয়েক মিটার হেঁটে যেতে হচ্ছে। এরপর ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন তারা।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাঈমের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে সবাই জেগে বাইরে ছুটে যাই। প্রথমে ভেবেছিলাম আমাদের নিজেদের বাড়ি ধসে পড়ছে। পরে গিয়ে দেখি পাশের নির্মাণাধীন বাড়িটি ধসে গেছে।’
স্থানীয় এক বাসিন্দা জানান, গত তিন থেকে চার মাস ধরে ভবনটির নির্মাণকাজ চলছিল। সেখানে কেউ বসবাস করতেন না। দুর্ঘটনার সময় ভবনটির ভেতরে শুধু শ্রমিকরা ছিলেন। ভবনটির মালিক পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকেন।
পুলিশের ডেপুটি কমিশনার রোহিত রাজবীর সিং জানান, ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয় এবং একজন আহত হয়েছেন। ভবনটির চতুর্থ তলায় নির্মাণকাজ চলছিল। ভবন ধস শুরু হলে অধিকাংশ শ্রমিক বেরিয়ে যেতে সক্ষম হন।
তিনি বলেন, ‘আর কেউ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
ভবনটির মালিকদের শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, তাদের ও নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর কয়েক দিন আগেই দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে একটি ভবনের দুটি ছাদ ধসে দুইজন নিহত হন। মিলন গার্ডেন এলাকায় পুরোনো একটি বাড়ির ওপর নতুন তলা নির্মাণের সময় এ দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলাকালে পুরোনো ছাদের একটি অংশ ভেঙে পড়লে তার ওপরের ছাদটিও ধসে যায় বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন ৬০ বছর বয়সী চন্দরপাল ও ৩৩ বছর বয়সী বিজয় কুমার। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে ৭ অক্টোবর দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় চারতলা একটি ভবন ধসে এক শিশুসহ তিনজন নিহত হন। সূত্র: এনডিটিভি

