Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

গাজা ফ্লোটিলা মিশনে আটক মালয়েশিয়ানদের ঘটনায় তদন্ত দাবি পুত্রজায়ার

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৫১ পিএম

গাজা ফ্লোটিলা মিশনে আটক মালয়েশিয়ানদের ঘটনায় তদন্ত দাবি পুত্রজায়ার

গাজা ফ্লোটিলা মিশনে আটক মালয়েশিয়ানদের ঘটনায় তদন্ত দাবি পুত্রজায়ার

Advertisement

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ফ্লোটিলা মিশনে অংশ নেওয়া মালয়েশিয়ান নাগরিকদের আটক ও নির্যাতনের অভিযোগের ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে আটককৃতদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার ওপর জোর দিয়েছে পুত্রজায়া।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বলেছেন, মাদানি সরকার বিদেশে অবস্থানরত মালয়েশিয়ানদের নিরাপত্তা, কল্যাণ ও অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস করবে না। আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের আলোকে সরকার এ বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।

সম্প্রতি গাজামুখী মানবিক সহায়তা মিশন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) ২.০’-এ অংশ নেওয়া কর্মীদের ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনায় তিনি তাৎক্ষণিক, পূর্ণাঙ্গ, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত দাবি করেন।

সাইফুদ্দিন নাসুতিওন এক ফেসবুক পোস্টে বলেন, আটক সব কর্মীর কল্যাণ, মর্যাদা ও আইনগত অধিকার অবশ্যই সম্মান ও সুরক্ষিত রাখতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন উত্তেজনা এড়াতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে মালয়েশিয়া।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ান হিসেবে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কর্মীদের বিরুদ্ধে কঠোর শারীরিক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

তিনি জানান, মানবাধিকার সংগঠন ও আইনজীবী প্রতিনিধিরাসহ বিভিন্ন পক্ষ বর্তমানে এ ঘটনার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করছে।

সাইফুদ্দিন নাসুতিওন আরও বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মালয়েশিয়ান নাগরিকদের স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাবে।

গত সোমবার গাজাগামী জিএসএফ ২.০ মানবিক মিশনে অংশ নেওয়া এবং ইসরায়েলি বাহিনীর হাতে আটক ২৮ জন মালয়েশিয়ান নিরাপদে দেশে ফিরে এসেছেন।

তবে আরেক কর্মী রাজমান মাত আলি এখনো তুরস্কের ইস্তানবুল শহরে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ঘটনার সময় ইসরায়েলি সেনাদের ঘুসিতে তিনি গুরুতর আহত হন এবং ‘ট্রমাটিক নিউমোথোরাক্স’ বা ফুসফুস ধসে যাওয়ার সমস্যায় আক্রান্ত হন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম