Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

প্রশ্নপত্র ফাঁসের যে আন্দোলনে উত্থান ধর্মেন্দ্র’র, আজ সেই একই সংকটে পতন!

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম

প্রশ্নপত্র ফাঁসের যে আন্দোলনে উত্থান ধর্মেন্দ্র’র, আজ সেই একই সংকটে পতন!

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, ঠিক তেমনই এক ঘটনা প্রায় তিন দশক আগে ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা হিসেবে পরিচিত করেছিল। ১৯৯৭ সালে ওড়িশায় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমেই মূলত রাজনীতির মাঠে বড় পরিচিতি পান তিনি।

সে সময় ওড়িশার কংগ্রেস মুখ্যমন্ত্রী জনকী বল্লভ পট্টনায়কের সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন এবিভিপির ছাত্রনেতা ধর্মেন্দ্র প্রধান। মাত্র ১৮ বছর বয়সে রাজনীতিতে আসা তরুণ প্রধান উৎকলে নৃবিজ্ঞান নিয়ে পড়ার পাশাপাশি ১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে দুবার এবিভিপির জাতীয় সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

সে সময় ভুবনেশ্বরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সচিবালয়ের সামনে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে নিয়ে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন তিনি। কিন্তু পুলিশের লাঠিচার্জে তিনি মারাত্মকভাবে আহত হয়ে তার শরীরের কয়েকটি হাড়ও ভেঙে গিয়েছিল। ক্যাম্পাস রাজনীতির সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও পুলিশের দমনপীড়ন পেরিয়ে তার এই লড়াকু মানসিকতাই পরবর্তীতে তাকে বিজেপির মূল স্রোতের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করে দেয়।

ছাত্র রাজনীতির সেই কণ্টকাকীর্ণ পথ থেকেই ধাপে ধাপে এগিয়ে ২০২১ সালে দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান ধর্মেন্দ্র প্রধান। ওড়িশায় বিজেপির ভিত্তি শক্ত করার পেছনেও তার দীর্ঘ সাংগঠনিক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার হাত ধরে ২০২৪ সালে সেখানে দীর্ঘদিনের বিজু জনতা দলের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি।

আর আজ, বর্তমান প্রেক্ষাপটে সেই একই ধরনের নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং তার জেরে দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের চড়াও হওয়ার পরিস্থিতি ১৯৯৭ সালের সেই পুরোনো ইতিহাসকে ফিরিয়ে এনেছে সামনে। যে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এককালে নিজে রাস্তায় লড়েছিলেন তরুণ ধর্মেন্দ্র প্রধান, আজ শিক্ষামন্ত্রী হিসেবে ঠিক একই ধরনের সংকটের মুখোমুখি হয়ে বিরোধীদের আন্দোলনের জেরে তাকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।

সূত্র: এনডিটিভি।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম