‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিষাক্ত বায়ুদূষণ, ভাঙাচোরা রাস্তা, জ্বালানির মূল্যবৃদ্ধি, প্রশ্নপত্র ফাঁস কিংবা বেকারত্ব—সাধারণ মানুষের প্রতিদিনের এসব সমস্যা নিয়ে এবার ভারতের সুপ্রিম কোর্টকে তীব্র কটাক্ষ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। উৎসবের মৌসুমে আকাশচুম্বী বিমানভাড়া নিয়ে করা একটি মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতা সৌরভ দাস।
তার বক্তব্য, সমস্যার সমাধান না করে মানুষকে সমস্যা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এমন ব্যবস্থাই সাধারণ মানুষকে আরশোলায় পরিণত করেছে।
ঘটনার সূত্রপাত দীপাবলির আগে ভারতের অভ্যন্তরীণ রুটে অস্বাভাবিক বিমানভাড়া বৃদ্ধি নিয়ে। অভিযোগ, উৎসবের মৌসুমে একাধিক রুটে বিমানের টিকিটের দাম স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে সাত গুণ পর্যন্ত বেড়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির পরিমাণ ৭০০ শতাংশে পৌঁছেছে বলেও অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে বিমানভাড়া নিয়ন্ত্রণ ও যাত্রীদের স্বার্থ রক্ষার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক আবেদনকারী।
সোমবার (২ নভেম্বর) মামলাটির জরুরি শুনানির আবেদন জানানো হয় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চে।
আবেদনকারীর আইনজীবী আদালতে বলেন, বিমানের ভাড়া প্রায় ৭০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বর্তমানে বিমান পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলেও দাবি করেন তিনি। তবে মামলাটির জরুরি শুনানির আবেদন গ্রহণ করেনি শীর্ষ আদালত। এ সময় আদালত পর্যবেক্ষণ দেন, বিমানে যাতায়াত না করলেই হয়।
আদালতের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। নাগরিক জীবনের নানা সমস্যার উদাহরণ তুলে ধরে তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, বায়ুদূষণ হলে শ্বাস নেবেন না, রাস্তায় গর্ত থাকলে হাঁটবেন না, জ্বালানির দাম বেশি হলে গাড়ি চালাবেন না। প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষা দেবেন না, সংবাদমাধ্যম বিভাজন তৈরি করলে টেলিভিশন দেখবেন না। ভুয়া ধর্মগুরুরা ধর্মের নামে ব্যবসা করলে তাঁদের কাছে যাবেন না। আর বেকারত্ব থাকলে চাকরির খোঁজই করবেন না।
এরপরই তার কটাক্ষ, এ ধরনের ব্যবস্থাই সাধারণ মানুষকে আরশোলায় পরিণত করেছে। অর্থাৎ নাগরিক সমস্যার সমাধান না করে মানুষকেই সেসব সমস্যা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও সুপ্রিম কোর্টের একটি মন্তব্যকে কেন্দ্র করে আলোচনায় এসেছিল ককরোচ জনতা পার্টি। গত ১৫ মে একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত কিছু বেকার আইনজীবী ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যক্তিদের প্রসঙ্গে আরশোলার উপমা ব্যবহার করেছিলেন। ওই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ককরোচ জনতা পার্টি বা সিজেপির আত্মপ্রকাশ ঘটে।
পরে প্রধান বিচারপতি ব্যাখ্যা দেন, তার মন্তব্য দেশের যুবসমাজের বিরুদ্ধে ছিল না; বরং ভুয়া ডিগ্রি নিয়ে পেশায় প্রবেশ করা ব্যক্তিদের উদ্দেশ্যেই ওই পর্যবেক্ষণ করা হয়েছিল।
এরপর থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব রয়েছে সিজেপি। বিশেষ করে বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার নানা সমস্যা নিয়ে দলটির প্রতিবাদ সামনে এসেছে। এবার বিমানভাড়া বৃদ্ধির প্রশ্নে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সংগঠনটি।

-6ae9f8ebdb178.jpg)