Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা

চলতি বছরের জুন থেকে কিউবার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র।

Advertisement

চলতি বছরের জুন থেকে কিউবার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। এর আগে জানুয়ারিতে কিউবায় তেল সরবরাহ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। পাশাপাশি দেশটির অন্যতম প্রধান তেল সরবরাহকারী ভেনেজুয়েলা থেকেও তেল পাঠানো বন্ধ হয়ে যায়। এতে কিউবার চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রের নেওয়া সর্বশেষ পদক্ষেপগুলো বিশেষভাবে জ্বালানি খাতের কোম্পানিগুলোকে লক্ষ্য করে। এর ফলে মানবিক প্রয়োজনেও কিউবার জন্য জ্বালানি আমদানি আরও কঠিন হয়ে পড়েছে। একই সময়ে দেশটি তীব্র জ্বালানি সংকট ও বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও নাগরিক সমাজ দ্রুত পদক্ষেপ না নিলে কিউবা ‘আরেকটি গাজা উপত্যকায়’ পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত একদল বিশেষজ্ঞ। গত মাসে কিউবা সফর করা মার্কিন কংগ্রেসের চার সদস্যও দেশটির বর্তমান পরিস্থিতির সঙ্গে গাজার তুলনা করেছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যকে কখনোই রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। কিউবায় জ্বালানি, পরিবহন, সেচ ও মৌলিক সেবাগুলো একসঙ্গে ভেঙে পড়ছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারী, শিশু, বয়স্ক ও গ্রামীণ কৃষকদের ওপর।

হাভানার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে থাকার খবরও উল্লেখ করেছেন তারা। এতে রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

তাদের ভাষ্য, কিউবার মানবিক পরিস্থিতি ইতোমধ্যেই পূর্ণমাত্রার সংকটে রূপ নিয়েছে। এতে দেশটির মানুষের স্বাস্থ্য, জীবন, খাদ্য ও উন্নয়নের অধিকার গুরুতরভাবে হুমকির মুখে পড়েছে।

এদিকে কিউবা নিয়ে মার্কিন নীতির পাশাপাশি লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নতুন নিরাপত্তা প্যাকেজের আওতায় কলম্বিয়াকে ১০০ কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সরকারের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, দুই শতাব্দীরও বেশি সময়ের বন্ধুত্বের ভিত্তিতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া এবং পুরো পশ্চিম গোলার্ধের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, মার্কিন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কলম্বিয়ার নিরাপত্তা বাহিনীকে আরও সক্ষম করে তোলা হবে। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা ব্যয়ের কার্যকারিতা বাড়ানো, দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সক্ষমতা ও সমন্বয় বৃদ্ধি এবং মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ অভিযান জোরদার করা হবে।   

অন্যদিকে, গত ২০ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘Cuba: The Capital of 21st-Century Communism’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে কিউবার একদলীয় শাসনব্যবস্থাকে মার্কিন জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বহুমাত্রিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়।

তবে জাতিসংঘের বিশেষজ্ঞদের দাবি, কিউবা সন্ত্রাসবাদ বা নাশকতামূলক কর্মকাণ্ডে সমর্থন দেয়—এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ ওই প্রতিবেদনে দেওয়া হয়নি। তাদের আশঙ্কা, নিরাপত্তাগত কারণের চেয়ে রাজনৈতিক ও আদর্শিক উদ্দেশ্যই কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের পেছনে বেশি ভূমিকা রাখছে।

বিশেষজ্ঞদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে কয়েক দশক ধরে কিউবার ওপর চলা মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি এগুলো বৃহত্তর ‘শাসন পরিবর্তন’ কৌশলের অংশ বলেও তারা মনে করেন।

কিউবার সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ধরনের হুমকি ও বৈরী কর্মকাণ্ড বন্ধ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক পদক্ষেপ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে কিউবার পরিস্থিতিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য জরুরি বিষয় হিসেবে বিবেচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের প্রতিও আহ্বান জানিয়েছেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

ধ্বংসস্তূপে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

ধ্বংসস্তূপে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

আরও পড়ুন

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

গাজায় বৃষ্টিতে প্লাবিত বাস্তুচ্যুতদের হাজার হাজার তাঁবু

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের মিসাইলের পাল্লার ওপর থেকে সব বিধিনিষেধ উঠে গেছে: আইআরজিসি

ইরানের মিসাইলের পাল্লার ওপর থেকে সব বিধিনিষেধ উঠে গেছে: আইআরজিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম