অনভিজ্ঞ রুশ সেনার কাণ্ড
রকেট লঞ্চার দিয়ে নিজেকেই উড়িয়ে দেওয়ার উপক্রম! (ভিডিও)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রকেট লঞ্চার দিয়ে নিশানা করতে গিয়ে লেজেগোবরে অবস্থা এক রুশ তরুণ সেনার। ভুল করে নিজের পায়ের কাছেই রকেট ছুড়ে ফেলেছিলেন তিনি। ভাগ্য জোরে বেঁচে গেছেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে কোনোমতে রক্ষা পেয়েছেন তিনি। একটি সামরিক প্রশিক্ষণ শিবিরের এমন এক চাঞ্চল্যকর ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ইউক্রেনীয় একটি টেলিগ্রাম চ্যানেলে সম্প্রতি পোস্ট করা এই ভিডিওতে দেখা যায়, এক অনভিজ্ঞ রুশ সেনা ফাঁকা মাঠে আরপিজি (রকেট-প্রোপেল্ড গ্রেনেড) চালনার প্রস্তুতি নিচ্ছেন। ভারি এই অস্ত্রটি কাঁধে ভারসাম্য রেখে ধরে রাখতে বেশ হিমশিম খাচ্ছিলেন তিনি। একপর্যায়ে হাত থেকে অস্ত্রটি পিছলে সামনের দিকে ঝুঁকে পড়ে এবং মুহূর্তেই রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাত্র কয়েক ইঞ্চি দূরে তার নিজের পায়ের কাছে মাটিতে আছড়ে পড়ে।
তবে ভাগ্য ভালো বলতে হবে সেই সেনার, কারণ মাটিতে আছড়ে পড়লেও রকেটটি বিস্ফোরিত হয়নি। ধুলোবালি উড়িয়ে মাটি ফুঁড়ে ভেতরে ঢুকে যায় সেটি। সাধারণত এ ধরনের রকেট নির্দিষ্ট দূরত্ব অতিক্রম না করা পর্যন্ত বিস্ফোরিত হয় না, যার ফলে এক বড় বিপর্যয় থেকে রক্ষা পান তিনি।
ঘটনার পরপরই ধোঁয়া উঠতে থাকা রকেটটি যেকোনো সময় ফুটে যেতে পারে—এই আতঙ্কে রকেট লঞ্চার ফেলে রেখে দৌড়ে পালান ওই সেনা ও ভিডিও ধারণকারী ব্যক্তি। এ সময় নেপথ্য থেকে কোনো এক কর্মকর্তাকে রাশিয়ান ভাষায় কড়া গালমন্দ করতে শোনা যায়। আর ওই হতভম্ব তরুণ সেনাকে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিজের হেলমেট ঠিক করতে দেখা যায়। তবে ঘটনাটি ঠিক কখন এবং কোথায় ঘটেছে তা স্পষ্ট হওয়া যায়নি।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই এমন অনভিজ্ঞ রুশ সেনাদের আনাড়িপনার ভিডিও প্রায়ই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। গত মাসেই প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মেশিনগানের নিয়ন্ত্রণ হারিয়ে এক সেনা প্ল্যাটফর্ম থেকে ছিটকে পড়েন। সেই ঘটনায় নিয়ন্ত্রণহীন অস্ত্রের গুলিতে তার ট্রেইনার অল্পের জন্য বেঁচে যান।
ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে রাশিয়া প্রতি মাসে ৩০ হাজারের বেশি সেনা হারাচ্ছে, যা তাদের প্রতি মাসের নতুন সেনা নিয়োগের (২৭ হাজার) হারের চেয়েও বেশি।
