নেপালে ভয়াবহ বন্যায় ২.৫৬ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
ভয়াবহ বন্যায় একের পর এক শহর ও গ্রাম প্লাবিত ও ধ্বংস হয়ে যায়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ৩৮ হাজার ৭৫০ কোটি নেপালি রুপি (মার্কিন মুদ্রায় প্রায় ২.৫৬ বিলিয়ন ডলার) মূল্যের সম্পদ, বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান ধর্ম রাজ উপ্রেতি শুক্রবার (৪ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বন্যার পর প্রথম চার মাসে জরুরি পুনরুদ্ধার কার্যক্রমে রাস্তা নির্মাণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে প্রায় ৫ কোটি ২৬ লাখ ডলার প্রয়োজন হতে পারে।’
উপ্রেতি বলেন, ‘এসব এখন পর্যন্ত প্রাথমিক হিসাব। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে এই হিসাব করা হয়েছে। শিগগিরই ক্ষয়ক্ষতির আরও বিস্তারিত মূল্যায়ন করা হবে।’
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণ করতে হবে বলেও জানান তিনি। এর মধ্যে অন্তত ৭ হাজার ৫০০ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
গত ২৬ আগস্ট চীনের সীমান্তবর্তী নেপালের একটি এলাকায় হিমবাহ ধসে ত্রিশুলি নদীতে বরফ, পাথর ও কাদার ভয়াবহ ঢল নামে। এতে একের পর এক শহর ও গ্রাম প্লাবিত ও ধ্বংস হয়ে যায়।
এ ঘটনায় ১ হাজার ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনও ৪ হাজার ২০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।


