Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

সাড়ে ৮ মাসেও নিরাপত্তা ছাড়পত্র পাননি মামদানি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

সাড়ে ৮ মাসেও নিরাপত্তা ছাড়পত্র পাননি মামদানি

নিউইয়র্কের কোনো মেয়রের ফেডারেল নিরাপত্তা ছাড়পত্র নিয়ে জটিলতা অবশ্য এবারই প্রথম নয়।

Advertisement

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার সাড়ে আট মাসের বেশি সময় পার হলেও এখনো ফেডারেল নিরাপত্তা ছাড়পত্র পাননি জোহরান মামদানি। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মামদানি বলেছেন, নিরাপত্তা ছাড়পত্র পেতে দীর্ঘ সময় লাগায় নিউইয়র্ক শহরের প্রায় ৮৫ লাখ মানুষের নিরাপত্তা ও সন্ত্রাসবাদসহ অন্যান্য হুমকিসংক্রান্ত গোপন তথ্য সম্পর্কে তাকে অবহিত করার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

তবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে এতটা সময় লাগা ‘স্বাভাবিক প্রক্রিয়ার’ মধ্যেই পড়ে।

মামদানি বলেন, ফেডারেল নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান। প্রশাসনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইতোমধ্যে নিরাপত্তা ছাড়পত্র পেয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক পুলিশ বিভাগ নিয়মিতভাবে তাকে এমন গোয়েন্দা তদন্তের বিষয়ে অবহিত করে, যেগুলো ফেডারেলভাবে গোপনীয় তথ্যের আওতাভুক্ত নয়। 

নিউইয়র্কের কোনো মেয়রের ফেডারেল নিরাপত্তা ছাড়পত্র নিয়ে জটিলতা অবশ্য এবারই প্রথম নয়।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মেয়র বিল ডি ব্লাসিও ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর একই সময়ের মধ্যে উচ্চপর্যায়ের ফেডারেল নিরাপত্তা ছাড়পত্র পাননি। প্রথম মেয়াদের শুরুর দিকে তিনি এ ছাড়পত্রের জন্য আবেদনও করেননি। পরে তাকে ছাড়পত্র দিতে ফেডারেল সরকারের এক বছরের কিছু বেশি সময় লেগেছিল।

অন্যদিকে সাবেক মেয়র এরিক অ্যাডামস ২০২৪ সালে ফেডারেল ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া নিউইয়র্কের প্রথম দায়িত্বশীল মেয়র হওয়ার পর তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফেডারেল নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার দায়িত্বে থাকা এফবিআইয়ের যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রথমবারের মতো সরকারি দায়িত্বে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

মামদানির জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত পূর্ণাঙ্গ নিরাপত্তা ছাড়পত্র না থাকার বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহরটিতে আসছেন।

বিশেষজ্ঞরা বলেন, ফেডারেল সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ গোপন তথ্য পাওয়ার সুযোগ না থাকলে কোনো জরুরি পরিস্থিতিতে মেয়রের তাৎক্ষণিক সরকারি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত হতে পারে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেও বিলম্ব হতে পারে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম